রাঙামাটির কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌযান ডুবে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালকসহ ১২ যাত্রী। আজ শুক্রবার সকালে কাপ্তাই হ্রদের সুবলং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাঙামাটি সদর থেকে বরকল উপজেলার দিকে যাচ্ছিল যাত্রীবাহী ছোট নৌযানটি। সুবলং বাজার এলাকায় নৌযানটিকে ধাক্কা দেয় রাঙামাটি থেকে মাইনীমুখের উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চ এমএল বিজলি। এ সময় নৌযানটি উল্টে পানিতে তলিয়ে যায়। তা দেখতে পেয়ে লঞ্চের কর্মচারী ও স্থানীয় লোকজন নৌযানের যাত্রীদের উদ্ধার করেন।
উদ্ধার অভিযান ও প্রতিক্রিয়া
সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌযানে থাকা সব যাত্রীকে দ্রুত উদ্ধার করায় সবাই প্রাণে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় কেউ নিখোঁজ নেই।
জানতে চাইলে লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে প্রথম আলোকে বলেন, ইঞ্জিনচালিত নৌকাটি লঞ্চের আগে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় লঞ্চের পেছনে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন: দুর্ঘটনা, কাপ্তাই, চট্টগ্রাম বিভাগ।



