মানসম্মত সেবার অঙ্গীকারে বিএনআইসির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মানসম্মত সেবার অঙ্গীকারে বিএনআইসির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

মানসম্পন্ন গ্রাহকসেবার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসি) সোমবার (১ জুন) দেশের সকল শাখা কার্যালয় ও প্রধান কার্যালয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

অনুষ্ঠানে উপস্থিতি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনআইসি পরিচালক তায়েফ বিন ইউসুফ। এছাড়া প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ।

তায়েফ বিন ইউসুফের বক্তব্য

এ সময় তায়েফ বিন ইউসুফ বলেন, গত তিন দশকে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে বিএনআইসি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক সেবা আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের বীমা খাতের টেকসই উন্নয়নে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা পালন করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, ৩০ বছরের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং আমাদের প্রতি গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আগামী দিনগুলোতেও আমরা আধুনিক, নির্ভরযোগ্য ও গ্রাহকবান্ধব বীমাসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।

মুখ্য নির্বাহী কর্মকর্তার বক্তব্য

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ বলেন, বিএনআইসি সরকারি বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে গ্রাহকদের মানসম্মত সেবা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিষ্ঠানের ইতিহাস

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৯৯৬ সালের মে মাসে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয় এবং একই বছরের ১ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ১৯৯৬ সালের জুন মাসে সাধারণ বীমা ব্যবসা পরিচালনার অনুমোদন লাভের পর থেকে প্রতিষ্ঠানটি অগ্নি, মোটর, মেরিন, ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক ও কন্ট্রাক্টরস অল রিস্কসহ বিভিন্ন ধরনের সাধারণ বীমাসেবা প্রদান করে আসছে। বর্তমানে দেশের প্রায় ৩৬টি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে।

অর্জন ও রেটিং

দীর্ঘ পথচলায় বিএনআইসি দেশের অন্যতম শীর্ষস্থানীয় সাধারণ বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি বর্তমানে দীর্ঘমেয়াদি ঋণমান নির্ধারণে ‘এএএ’ রেটিং অর্জন করেছে, যা এর শক্তিশালী আর্থিক সক্ষমতা ও বীমা দাবি পরিশোধের সামর্থ্যের প্রতিফলন।

শুভেচ্ছা ও অভিনন্দন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানির বিভিন্ন গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।