ঢাকার পুঁজিবাজারে গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। বুধবার (৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১ হাজার ২৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর ১ হাজার ৪০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
লেনদেন ও সূচকের উত্থান
লেনদেনের পাশাপাশি বেড়েছে শেয়ার দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪১ পয়েন্টে পৌঁছেছে।
রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব
গত নির্বাচনে জিতে বিএনপি সরকারে আসার খবরে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পরপর তিন দিন ১ হাজার ২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। এরপর ২২ এপ্রিল পর্যন্ত লেনদেন আর হাজার কোটি টাকার ঘর স্পর্শ করেনি। মাঝে ৮ এপ্রিল প্রায় ৯৯২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ঈদ পরবর্তী লেনদেন
ঈদের ছুটি শেষে সোমবার ডিএসইতে ৯০০ কোটি টাকার উপরে শেয়ার হাতবদল হয়। মঙ্গলবার লেনদেন হয় ১ হাজার ৮০ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে সবশেষ হাজার কোটি টাকার উপরে লেনদেন হয় গত ১২ মে, সেদিন ১ হাজার ১০১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
কোম্পানি ও খাতভিত্তিক বিশ্লেষণ
বুধবার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টি। লেনদেনে সবচেয়ে বেশি অবদান রাখে প্রকৌশল, বস্ত্র, ওষুধ ও রসায়ন খাত।
দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টেস
ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে দেশ গার্মেন্টেসের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। আগের দিনের চেয়ে ১০ শতাংশ দর বেড়ে শেয়ারটি ১৪০ টাকায় লেনদেন হয়, যা আগের দিন ছিল ১২৮ টাকা। সার্কিট ব্রেকার থাকায় এর বেশি বাড়ার সুযোগ ছিল না। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে ইসলামী কমার্শিয়াল, জেনেক্স ইনফোসিস ও ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড।
দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার
অন্যদিকে সবচেয়ে বেশি দর হারিয়েছে ইয়াকিন পলিমার, আইসিবি ইসলামিক ব্যাংক ও ড্যাফোডিল কম্পিউটার্স।



