সাতক্ষীরায় মাঠ থেকে গরু চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত জেলহাজতে গেলেও মামলার আলামত হওয়ায় উদ্ধার হওয়া গরুটি এখনও পড়ে আছে পুলিশ ফাঁড়িতে। বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ মে দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের একটি মাঠ থেকে একটি কালো রঙের এঁড়ে গরু চুরি হয়। পরে গরুটি নিয়ে ব্রহ্মরাজপুর অস্থায়ী কোরবানির পশুর হাটে বিক্রি করতে যান অভিযুক্ত যুবক।
হাসিল কাটার সময় বিক্রেতার আচরণে সন্দেহ হলে হাট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি গরু চুরির কথা স্বীকার করেন। পরে তাকে গরুসহ ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
আটক যুবকের নাম মো. রাজু হোসেন। তিনি কালিগঞ্জ থানার বরজো পাটুরি গ্রামের আদর আলী গাজীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, অনলাইন জুয়ায় টাকা হারিয়ে রাজু চুরির পথ বেছে নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে মামলার আলামত হিসেবে গরুটি ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতেই রাখা হয়েছে।
এদিকে, গরু চুরির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দেবনগর গ্রামের ভ্যানচালক আবুল কাশেম ফাঁড়িতে এসে গরুটি নিজের বলে শনাক্ত করেন। তিনি দাবি করেন, জীবিকার জন্য অনেক কষ্টে গরুটি লালন-পালন করছিলেন।
পুলিশ বলছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৈধ মালিকের কাছে গরুটি হস্তান্তর করা হবে।



