ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠককালে তিনি এই চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর
এর আগে সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসা থেকে হেঁটে দলীয় কার্যালয়ে যান তিনি। বৈঠকে ঈদুল আজহা ঘিরে নগরবাসীর ভোগান্তি এড়াতে পরিচ্ছন্নতা ও নাগরিকসেবা কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। বিশেষ করে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নগর ব্যবস্থাপনা সচল রাখার বিষয়ে প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৈঠকে উপস্থিত ব্যক্তিবর্গ
এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সালাম, শফিকুল ইসলাম মিল্টন, ডা. শাহাদাৎ হোসেন, বিলকিস আক্তার জাহান শিরিন, মো. রুকুনোজ্জামান রোকন, নজরুল ইসলাম মঞ্জু, মো. শওকত হোসেন সরকার, মো. ইউসুফ মোল্লা টিপু, এম আর ইসলাম স্বাধীন এবং মাহফুজ উন নবী চৌধুরী (ডন)সহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধিরা।



