আসন্ন কুরবানির ঈদকে কেন্দ্র করে কুমিল্লার পশুর হাটে নজর কাড়ছে রাজস্থানি উট ‘সুলতান’। সদর দক্ষিণ থানাধীন সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর এলাকার একটি এগ্রো ফার্মে দেখা মিলেছে এই ব্যতিক্রমী প্রাণীটির। ব্যবসায়ী জুয়েল আহমেদ প্রায় দুই মাস আগে রাজস্থান থেকে উটটি আনেন। এরপর থেকেই কুমিল্লাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল।
উটকে ঘিরে উৎসুক মানুষের ভিড়
সুলতানকে দেখতে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় জমাচ্ছে। বিশেষ করে শহর ও আশপাশের গ্রামের যুবক, শিশু ও কিশোরদের মধ্যে বিশাল আকৃতির এই উটকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আগত দর্শনার্থীরা মরুভূমির জাহাজ খ্যাত উটের সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করছেন। স্থানীয়রা জানান, কুমিল্লার পশুর হাটে এমন ব্যতিক্রমী আয়োজন আগে খুব কমই দেখা গেছে। ফলে ‘সুলতান’ এখন হাটের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।
খামার মালিকের বক্তব্য
খামারের মালিক জুয়েল আহমেদ জানান, প্রায় দুই মাস আগে ঢাকার এক ব্যবসায়ীর মাধ্যমে ভারতের রাজস্থান থেকে এ উটটি সংগ্রহ করেছেন তিনি। বর্তমানে ছয় বছর বয়সি এ উটটির নাম তার ছেলের পছন্দের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে ‘সুলতান’। তিনি আরও জানান, পশুর হাটে ভিন্নতা আনতেই তিনি উটটি সংগ্রহ করেছেন। বর্তমানে সুলতানের দাম চাওয়া হচ্ছে ৩২ লাখ টাকা। অনেক ক্রেতা এলেও কুরবানির ঈদের কিছুদিন বাকি থাকায় এখনও দাম চূড়ান্ত হয়নি। তবে কাঙ্ক্ষিত দাম পেলে শিগগিরই এটি বিক্রি করবেন এবং আগামীতে নগরীর নেউরা পশুর হাটে তোলার পরিকল্পনা রয়েছে তার।
সুলতানের স্বভাব ও পছন্দ
সুলতান বেশ শান্ত স্বভাবের এবং বালু পেলে সেখানে শুয়ে থাকতে পছন্দ করে। ঘাস ও খড় খেলেও কাঁটাযুক্ত খাবার সুলতানের বেশি প্রিয়।
প্রাণিসম্পদ কর্মকর্তার মতামত
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাহে আলম বলেন, উট এ দেশের স্থানীয় প্রাণী না হলেও কোনো প্রয়োজন দেখা দিলে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করবে।



