নওগাঁর রাণীনগরে পশুরহাটে কুরবানির গরু কিনতে এসে এক ক্রেতার পকেট থেকে এক লাখ টাকা চুরি হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আবাদপুকুর পশুরহাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন ক্রেতা নুরুজ্জামান। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার বাসিন্দা।
ক্রেতার বর্ণনা
নুরুজ্জামান জানান, পাঁচজন মিলে একটি গরু কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অংশীদাররাসহ আবাদপুকুর পশুরহাটে গরু কিনতে আসি। বেলা ১১টার দিকে হাটে নামার পরপরই প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি হয়ে যায়। পরে পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। সঙ্গে সঙ্গে টাকা উদ্ধারের জন্য আবাদপুকুর হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানিয়েছি; কিন্তু এ ঘটনায় কাউকে শনাক্ত করা বা টাকা উদ্ধার করা যায়নি। তিনি বলেন, কুরবানি কেনার টাকা চুরি হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তিনি।
হাট কর্তৃপক্ষের বক্তব্য
আবাদপুকুর হাটের ইজারাদারের একজন অংশীদার হাজের আলী বলেন, প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি যাওয়ার ঘটনাটি ওই ক্রেতা জানিয়েছেন; কিন্তু টাকা উদ্ধারের কোনো সুরাহা করা যায়নি। তিনি বলেন, টাকা নিজ নিজ হেফাজতে সাবধানে রাখতে এবং আসল ও জাল টাকা দেখে লেনদেন করতে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করার জন্য পশুরহাটে সব সময় মাইকিং করা হচ্ছে। তার পরেও যদি কেউ সচেতন না হয় তাহলে কী করার আছে।
পুলিশের প্রতিক্রিয়া
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বলেন, আবাদপুকুর পশুরহাটে টাকা চুরির ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তিনি ক্রেতাদের সাবধান থাকার পরামর্শ দেন।



