বাংলাদেশের কার্ড বাজারে সম্ভাবনা ও চ্যালেঞ্জ: মাস্টারকার্ডের শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎকার
বাংলাদেশের কার্ড বাজারে সম্ভাবনা ও চ্যালেঞ্জ: মাস্টারকার্ডের সাক্ষাৎকার

বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের কার্ডের বাজারকে মূল্যায়ন করে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বিশ্ববাজারে কার্ড এখন পেমেন্ট অবকাঠামোর অবিচ্ছেদ্য অংশ। মাস্টারকার্ড বর্তমানে ২১০টির বেশি দেশে সেবা দিচ্ছে। সেই তুলনায় বাংলাদেশ এখনো পরিপূর্ণ পর্যায়ে পৌঁছায়নি, তবে অগ্রগতির গতি স্পষ্ট। বর্তমানে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের ইস্যু উল্লেখযোগ্য হারে বাড়ছে। বিশেষ করে গত বছর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বাধ্যতামূলক ট্যাক্স রিটার্ন জমার শর্ত প্রত্যাহার করায় গ্রাহকদের জন্য কার্ড গ্রহণ অনেক সহজ হয়েছে। কার্ডকে দৈনন্দিন পেমেন্টের প্রধান মাধ্যম করা গেলে অর্থনীতি নতুন উচ্চতায় যাবে। সরকারের ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো উদ্যোগগুলোকে একটি ইউনিফাইড পেমেন্ট ও আইডি কার্ডের আওতায় এনে ‘ওপেন-লুপ’ ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব।

ক্যাশলেস পেমেন্টে মাস্টারকার্ডের ভূমিকা

মাস্টারকার্ড শুধু ব্যাংকগুলোর সঙ্গে পার্টনারশিপের বাইরে ক্যাশলেস পেমেন্ট বাড়াতে আর কী ভূমিকা রাখছে জানতে চাইলে সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, তাদের ভূমিকা এখন কেবল প্রযুক্তি সরবরাহে সীমাবদ্ধ নয়, একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরিতেও কাজ করছে। দেশের ২৫টি ব্যাংক ও বহু আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির কাজ চলছে। গার্মেন্টস কর্মীদের পে-রোল, নারী উদ্যোক্তাদের জন্য পেমেন্ট টুল এবং ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় ব্যবস্থাপনায় বিশেষায়িত কার্ড ও গেটওয়ে সুবিধা দেওয়া হচ্ছে। মূল লক্ষ্য হলো প্রযুক্তি ও আস্থাকে এমনভাবে একীভূত করা, যাতে প্রান্তিক সবজি বিক্রেতা থেকে শুরু করে সবাই ডিজিটাল পেমেন্টে আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন নীতিমালার সঙ্গে খাপ খাওয়ানো

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালার সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নিচ্ছেন জানতে চাইলে কামাল বলেন, ডিজিটাল লেনদেন ত্বরান্বিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। ডিজিটাল পেমেন্টকে জনপ্রিয় করতে আগামী তিন বছরের জন্য একটি বিশেষ প্রণোদনা কাঠামো প্রয়োজন, যেখানে গ্রাহকদের জন্য ৩ শতাংশ এবং মার্চেন্টদের জন্য ২ শতাংশ—মোট ৫ শতাংশ প্রণোদনা দেওয়া যেতে পারে। এ ছাড়া স্মার্ট কার্ডের ওপর বর্তমানে ৭৬ শতাংশ এবং পস মেশিনের ওপর ৩৮ থেকে ৫৮ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক রয়েছে। এটি কমিয়ে ১৫ শতাংশের নিচে আনা জরুরি। শুল্ক কমলে ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে ডিজিটাল পরিকাঠামো আরও শক্তিশালী হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তি

সাইবার অপরাধ মোকাবিলায় মাস্টারকার্ডের সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে কামাল বলেন, তারা নিরাপত্তায় বিশ্বমানের প্রযুক্তি ও মানদণ্ড অনুসরণ করে। ‘ডিসিশন ইন্টেলিজেন্স প্রো’ জেনারেটিভ এআই ব্যবহার করে এক ট্রিলিয়নের বেশি ডেটা পয়েন্ট বিশ্লেষণ করতে পারে, যা জালিয়াতি শনাক্তে অত্যন্ত কার্যকর। অনলাইনে অথেনটিকেশনের জন্য ইএমভি থ্রি-ডিএস স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়। এ ছাড়া বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ডে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা যুক্ত করা হয়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে কিউআর পেমেন্ট পৌঁছানোর বাধা

ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে কিউআর পেমেন্ট পৌঁছানোর প্রধান বাধাগুলো কী জানতে চাইলে কামাল বলেন, এখানে প্রধান বাধা তিনটি—স্থানান্তরের খরচ, প্রযুক্তিগত সমন্বয় ও সচেতনতা। দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। বাংলাদেশ ব্যাংক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক করেছে, কিন্তু বড় এমএফএস কোম্পানিগুলোর লাখ লাখ মার্চেন্ট পয়েন্টকে এই ইউনিফাইড সিস্টেমে আনা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এই বাধা কাটাতে সাশ্রয়ী পেমেন্ট ডিভাইস ও গ্রাহক-মার্চেন্ট উভয়ের জন্য সেই ৫ শতাংশ প্রণোদনার কোনো বিকল্প নেই।

স্মার্ট ইকোনমিতে প্রিপেইড কার্ডের ভবিষ্যৎ

স্মার্ট ইকোনমি তৈরিতে প্রিপেইড কার্ডের ভবিষ্যৎ প্রসঙ্গে কামাল বলেন, প্রিপেইড কার্ড এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল ক্যাটাগরি। চলতি বছরে স্টিকার কার্ড ও নম্বরলেস কার্ড বাজারে নতুন মাত্রা যোগ করেছে। গার্মেন্টস খাতের ৪৫ লাখ কর্মীর স্যালারি কার্ডের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হয়েছে। এ ছাড়া ট্রাভেল, মেডিক্যাল ও ফ্রিল্যান্সারদের জন্য বহুমুখী প্রিপেইড সলিউশন অর্থনীতির একটি বড় শক্তিতে পরিণত হচ্ছে।