ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বন্ধ হয়ে যাওয়া কিছু আমানত হিসাব পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। ব্যাংকটির অভ্যন্তরীণ এক নির্দেশনায় বলা হয়েছে, এসব হিসাব চালু করলে কোনো মাশুল দিতে হবে না। গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নগদ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে নির্দিষ্ট মেয়াদে বন্ধ হওয়া এসব হিসাব পুনরায় সচল করার ব্যবস্থা নিতে হবে।
নির্দেশনার বিস্তারিত
আজ সোমবার জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে অনেক গ্রাহক ব্যাংকের বিভিন্ন ডিপোজিট তথা আমানত স্কিমের হিসাব বন্ধ বা ‘পরিপক্ব হওয়ার’ পর নবায়ন করেননি। এসব গ্রাহককে পুনরায় ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ৩ থেকে ১৫ জুনের মধ্যে বন্ধ বা পরিপক্ব হওয়া হিসাবধারীরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে আবেদন করলে তাঁদের হিসাব পুনরায় চালু করে সংশ্লিষ্ট সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে।
শাখা ও গ্রাহক যোগাযোগ
এ জন্য ব্যাংকের সব শাখা ও উপশাখাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ হওয়া হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে যোগাযোগ করতে এবং গৃহীত পদক্ষেপের রেকর্ড সংরক্ষণ করতে বলা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন বৃদ্ধি এবং গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।



