ফরিদপুরের ভাঙ্গায় কানাডা প্রবাসী মাসুদ মীরের ফ্ল্যাটবাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় একটি সংঘবদ্ধ চোর চক্র ৪৩ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে পাঁচ লাখ টাকাসহ দামি মালামাল লুট করে নিয়ে গেছে।
ঘটনার বিবরণ
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে কোটপাড় সংলগ্ন মক্কা টাওয়ারের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী শিউলি বেগম ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর বক্তব্য
এ বিষয়ে শিউলি বেগম বলেন, 'আজ সকাল ৯টার দিকে আমার দুই সন্তানকে নিয়ে মাদ্রাসায় যাই। দুপুর ১২টার দিকে ফ্ল্যাটে ফিরে এসে দেখি আমার দরজার দুটি তালাই ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখি ফ্ল্যাটের আলমারি ও শোকেসের সব কিছু ভেঙে তছনছ করেছে। আমার স্বামী কানাডা প্রবাসী। আমার ও সন্তানদের ব্যবহৃত ৪২/৪৩ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে পাঁচ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোর চক্র।'
পুলিশের প্রতিক্রিয়া
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, 'এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোর চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।



