আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।
সার্কুলার জারি
রোববার (১৮ মে) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটিশের ধারাবাহিকতায় দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
বিশেষ ব্যবস্থা
তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের আরএমজি সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ওই দুই দিন ব্যাংক শাখার অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শাখাগুলোকে ঈদের ছুটির দিনগুলোতে (২৫ মে থেকে ৩১ মে, ঈদের দিন বাদে) প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী ভাতা পাবেন।



