ইস্টার্ন ব্যাংকের নারী ব্যাংকিং সেবায় সর্বোচ্চ ৪ কোটি টাকা ঋণ
ইস্টার্ন ব্যাংকের নারী ব্যাংকিংয়ে ৪ কোটি টাকা ঋণ

দেশের অধিকাংশ ব্যাংক নারীদের জন্য আলাদা ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। ব্র্যাক ব্যাংকের ‘তারা’ এবং সিটি ব্যাংকের ‘আলো’র মতো ইস্টার্ন ব্যাংক (ইবিএল) চালু করেছে ‘ইবিএল ওমেন ব্যাংকিং’। এই সেবার আওতায় নারীরা ব্যক্তিগত ঋণ হিসেবে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য সর্বোচ্চ চার কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

ওমেন ব্যাংকিংয়ের সেবাসমূহ

ইবিএলের ওমেন ব্যাংকিং বা নারী ব্যাংকিং সেবার আওতায় ব্যক্তিগত ও ব্যবসায়িক—দুই ধরনের হিসাব খোলা যায়। ব্যক্তিগত হিসাবে নারী গ্রাহকেরা ২৫ হাজার টাকা জমা রাখলে মাসিকভিত্তিক সুদ পাবেন। ব্যবসায়িক হিসাবে রয়েছে ইবিএল অভিলাষী সেবা, যার মাধ্যমে নারীরা ব্যবসায়িক কাগজপত্র তৈরি ও হালনাগাদ, কারিগরি ও ব্যবসায়িক ব্যবস্থাপনা প্রশিক্ষণসহ বিভিন্ন ওয়ান–স্টপ সলিউশন সেবা পাবেন।

ওমেন ব্যাংকিংয়ের আওতায় মোট চার ধরনের ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড সেবা রয়েছে। এসব কার্ডে দ্বৈত মুদ্রা (ডুয়েল কারেন্সি) লেনদেনের সুবিধা আছে। নারীরা চাইলে সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন, যার মধ্যে রয়েছে ইবিএল মিলিয়নিয়ার ওমেন ডিপিএস এবং ইবিএল ওমেন কনফিডেন্স ডিপিএস। এ ছাড়া শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের জন্য রয়েছে ইবিএল ইসলামিক সঞ্চয়ী হিসাবসুবিধা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নারীর আর্থিক ক্ষমতায়নে ইবিএল

ইবিএল জানায়, ২০১৮ সাল থেকে নারীদের আর্থিক ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিতে কাজ করছে ব্যাংকটি। বর্তমানে এই সেবার আওতায় প্রায় দুই লাখ নারী গ্রাহক সেবা নিচ্ছেন। সব মিলিয়ে নারী উদ্যোক্তা ও পেশাজীবী নারীদের প্রায় ৭০০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ইবিএল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঋণ সুবিধাসমূহ

ব্যক্তিগত ঋণ

নারীরা ব্যক্তিগত আর্থিক প্রয়োজনে নিতে পারেন ওমেনস ঋণ, হোম ঋণ, অটো ঋণ ও ফাস্ট ঋণ। ইবিএল ওমেনস লোনের মাধ্যমে জামানত ছাড়া সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, যা পাঁচ বছরে মাসিক কিস্তিতে পরিশোধ করা যায়। ফ্ল্যাট কেনা, বাড়ি নির্মাণ বা সংস্কারের জন্য হোম লোনে পাঁচ লাখ থেকে চার কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়, যা ২৫ বছরে কিস্তিতে পরিশোধ করা যায়। নতুন বা রিকন্ডিশন্ড গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অটো ঋণ পাওয়া যায়।

ব্যবসায়িক ঋণ

নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য মুক্তি, আশা, উৎকর্ষ, উদ্দীপন, স্টার্টআপসহ বিভিন্ন স্কিমে ঋণের সুযোগ আছে। মুক্তি ঋণে নারী উদ্যোক্তারা মাত্র ৫ শতাংশ সুদে জামানত ছাড়া সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। উৎকর্ষ ও আশা নামের আরও দুটি জামানতবিহীন ঋণসুবিধা রয়েছে। আশা কর্মসূচিতে প্রথমবার আবেদনে ২ লাখ থেকে ১৫ লাখ টাকা এবং পরবর্তী আবেদনে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, যা চার বছরে পরিশোধ করা যায়।

নতুন ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ লোনে জামানত ছাড়া সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, যা পাঁচ বছরে পরিশোধ করা যায়। ব্যবসার জন্য ভারী যানবাহন কেনার ক্ষেত্রে ফ্লিট ফাইন্যান্সিং সুবিধায় জামানত ছাড়া সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়। বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণ, কেনা বা সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ২৫ কোটি টাকা পর্যন্ত বন্ধকি ঋণ ১৫ বছরে পরিশোধ করা যায়। ব্যবসার মূলধনি যন্ত্রপাতি কেনা ও চলতি মূলধনের জন্য বিজনেস সলিউশন ঋণে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।

ভবিষ্যৎ পরিকল্পনা

ইস্টার্ন ব্যাংকের প্রায়োরিটি ও ওমেন ব্যাংকিংয়ের প্রধান তানজেরি হক বলেন, ভবিষ্যতে নারী গ্রাহকদের জন্য নতুন প্রশিক্ষণ উদ্যোগ, ডিজিটাল লার্নিং সুবিধা এবং বৈচিত্র্যময় পণ্য ও সেবা চালুর পরিকল্পনা নিয়েছে ব্যাংকটি। এ ছাড়া ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নারীদের পে–রোল সলিউশন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এআই ও ব্যবসায়িক শিক্ষা এবং বিশেষ লাইফস্টাইল সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।