ক্রেডিট কার্ড: মধ্যবিত্তের জন্য সচ্ছলতা ও নিরাপত্তার চাবিকাঠি
ক্রেডিট কার্ড: মধ্যবিত্তের জন্য সচ্ছলতা ও নিরাপত্তার চাবিকাঠি

নগদ টাকার ঝামেলা ছাড়া স্বস্তির কেনাকাটা

একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আজ আপনার হাতে কেউ ২০ লাখ টাকা ধরিয়ে দিল। শর্ত একটাই—আগামী ৪৫ দিনের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে, যার জন্য আপনাকে এক পয়সাও সুদ দিতে হবে না। অর্থাৎ প্রায় দেড় মাসের জন্য বড় অঙ্কের এই মূলধন আপনি ব্যবহার করতে পারছেন সম্পূর্ণ বিনা মূল্যে। কল্পকথা মনে হলেও আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ক্রেডিট কার্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে ঠিক এই সুবিধাই পাওয়া সম্ভব।

ক্রেডিট কার্ডে গ্রাহকের ক্ষমতা

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে এক বড় ধরনের পরিবর্তন এনেছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট কার্ডের মাধ্যমে জামানতবিহীন ঋণের সীমা ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত পর্যায়ে ঋণের সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ লাখ টাকা। এই সিদ্ধান্তের ফলে কেবল কেনাকাটা নয়, বরং আপৎকালীন বড় অঙ্কের অর্থের সংস্থান করাও এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে।

ক্ষুদ্র ব্যবসায়ীর ‘বিনা মূল্যে’ পুঁজি

আমাদের দেশের অনেক ছোট বা মাঝারি ব্যবসায়ী আছেন, যাঁদের ব্যবসার ধরনটি এমন যে কাঁচামাল কেনা থেকে শুরু করে পণ্য বিক্রির টাকা হাতে আসা পর্যন্ত এক বা দুই সপ্তাহের জন্য বড় অঙ্কের নগদ অর্থের প্রয়োজন হয়। এই স্বল্প সময়ের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত কাউকে ঋণ দেয় না। ফলে বাধ্য হয়ে ব্যবসায়ীরা স্থানীয় মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেন অথবা আত্মীয়স্বজনের কাছে হাত পাতেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এখানেই ক্রেডিট কার্ড হতে পারে একজন ছোট ব্যবসায়ীর পরম বন্ধু। ৪৫ দিনের এই গ্রেস পিরিয়ড বা সুদবিহীন সময়কে কাজে লাগিয়ে তাঁরা অনায়াসেই ব্যবসার চলতি পুঁজি হিসেবে কার্ডের অর্থ ব্যবহার করতে পারেন। সময়মতো টাকা পরিশোধ করে দিলে এক টাকাও অতিরিক্ত খরচ না করে ব্যবসা সম্প্রসারণ সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কিস্তিতে স্বপ্নপূরণ: ইএমআই–সুবিধা

মধ্যবিত্ত জীবনে এককালীন বড় অঙ্কের টাকা খরচ করা অনেক সময়ই অসম্ভব হয়ে পড়ে। ধরুন, প্রচণ্ড গরমে ঘরে একটি এসি বা পুরোনো ফ্রিজটি বদলে নতুন একটি ফ্রিজ কেনা খুব জরুরি। কিন্তু বাজেট নেই। ক্রেডিট কার্ডের ইএমআই–সুবিধা এখানে ত্রাতার ভূমিকা পালন করে।

বর্তমানে দেশের প্রায় সব বড় ইলেকট্রনিকস, আসবাব এবং গ্যাজেট শপ ক্রেডিট কার্ডে শূন্য শতাংশ সুদে কিস্তিসুবিধা দেয়। ৩ মাস থেকে শুরু করে ৩৬ মাস পর্যন্ত এই কিস্তিসুবিধা পাওয়া যায়। এতে সুবিধা হলো, আপনাকে পণ্যের পুরো দাম একবারে দিতে হচ্ছে না, বরং প্রতি মাসে ছোট ছোট কিস্তিতে তা শোধ করা যাচ্ছে। ফলে নাগরিক জীবনের অতি প্রয়োজনীয় পণ্যগুলো কেনা এখন অনেক সহজ হয়ে গেছে।

বিপদের বিশ্বস্ত সঙ্গী: জরুরি চিকিৎসা

অসুখবিসুখ বা দুর্ঘটনা কখনো সময় জানিয়ে আসে না। মধ্যবিত্ত বা উচ্চমধ্যবিত্ত পরিবারগুলোয় অনেক সময় পর্যাপ্ত সঞ্চয় থাকলেও তা তাৎক্ষণিক নগদায়ন করা সম্ভব হয় না। গুরুতর কোনো অসুস্থতায় যখন হাসপাতালের মোটা অঙ্কের বিল পরিশোধ করতে হয়, তখন ক্রেডিট কার্ডই হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ আশ্রয়। হাসপাতালের বিল দেওয়া, জরুরি ওষুধ কেনা কিংবা বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের এই তাৎক্ষণিক অর্থ সংস্থান পরিবারকে বড় ধরনের মানসিক চাপ থেকে মুক্তি দেয়।

কমছে গ্রাহকের খরচ

একটা সময় ক্রেডিট কার্ড নিতে সাধারণ মানুষ ভয় পেত এর ‘লুকানো মাশুল’ বা হিডেন চার্জের কারণে। গ্রাহকদের অজান্তেই অনেক সময় ফি বাড়িয়ে দেওয়া হতো। তবে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি গ্রাহক হয়রানি বন্ধে একগুচ্ছ কঠোর বাধ্যবাধকতা আরোপ করেছে:

  • স্বচ্ছ চার্জ তালিকা: এখন থেকে কার্ডের সব ফি, চার্জ ও সুদের হার ব্যাংকের ওয়েবসাইটে সহজবোধ্য ভাষায় প্রকাশ করতে হবে। কার্ড দেওয়ার সময় গ্রাহককে পূর্ণাঙ্গ ‘শিডিউল অব চার্জেস’ বুঝিয়ে দেওয়া এখন বাধ্যতামূলক। ব্যাংক চাইলেই এখন আর লুকানো চার্জ আরোপ করতে পারবে না।
  • বিলম্ব ফির ওপর সুদ নয়: আগে ক্রেডিট কার্ডের বিল পরিশোধে দেরি হলে ব্যাংকগুলো প্রথমে একটি নির্দিষ্ট ‘বিলম্ব ফি’ বা লেট ফি চার্জ করত এবং পরে সেই ফির ওপর চক্রবৃদ্ধি হারে সুদ নিত। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে লেট ফির ওপর কোনো সুদ নেওয়া যাবে না। এটি গ্রাহকের আর্থিক বোঝা বহুগুণে কমিয়ে দিয়েছে।
  • সহজেই কার্ড বন্ধ করার অধিকার: আগে অনেক ব্যাংক গ্রাহককে কার্ড বন্ধ করতে দিনের পর দিন ঘোরাত। এর মধ্যে বার্ষিক ফি জমা হয়ে বড় অঙ্কের বকেয়া তৈরি হতো। এখন নিয়ম হলো, গ্রাহক সব বকেয়া পরিশোধ করে কার্ড বন্ধ করতে চাইলে ব্যাংককে তা ৭ কর্মদিবসের মধ্যে কার্যকর করতে হবে।
  • সম্মতি ছাড়া কার্ড নয়: ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই গ্রাহককে জোর করে কার্ড পাঠিয়ে দেওয়ার সুযোগ আর নেই। গ্রাহকের লিখিত বা সুনির্দিষ্ট ডিজিটাল সম্মতি ছাড়া কোনো ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না।

কার্ড–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ক্রেডিট কার্ড ঋণের ফাঁদ নয়, যদি আপনি বিল পরিশোধের তারিখ বা ‘ডিউ ডেট’ সম্পর্কে সচেতন থাকেন। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করলে এটি আপনার পকেটে থাকা একটি শক্তিশালী আর্থিক হাতিয়ার।

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা এবং আধুনিক ব্যাংকিং সেবা ক্রেডিট কার্ডকে একটি ভয়ংকর ঋণের ফাঁদ থেকে বের করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসেছে। স্বচ্ছতা বৃদ্ধি পাওয়ায় এখন কার্ড ব্যবহার করা অনেক বেশি নিরাপদ। তাই সঠিক পরিকল্পনা আর সচেতনতা থাকলে একটি ক্রেডিট কার্ডই হতে পারে আপনার মধ্যবিত্ত জীবনের সচ্ছলতা ও নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি।

কেন্দ্রীয় ব্যাংকের এই নতুন নীতিমালা ক্রেডিট কার্ডকে সাধারণ মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য ও সাশ্রয়ী করে তুলবে। সঠিক পরিকল্পনা আর সচেতনতা থাকলে এটিই হতে পারে আপনার মধ্যবিত্ত জীবনের সচ্ছলতার চাবিকাঠি।