এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়ালো, মোট সম্পদ সাড়ে ১৩ হাজার কোটি টাকায়
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির আমানত ১১ হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে। একইসঙ্গে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। বুধবার (১ এপ্রিল) রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈনুল কবীর।
ব্যাংকের যাত্রা ও বর্তমান অবস্থান
মঈনুল কবীর বলেন, ২০১৩ সালের এপ্রিলে ‘সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক’ নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে এসবিএসি ব্যাংক পিএলসি নামে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠার পর থেকেই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে ব্যাংকটি। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ব্যাংকটির সারাদেশে ৯০টি শাখা, ৩২টি উপশাখা, এজেন্ট আউটলেট এবং ৭৭টি এটিএমের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১০টি শাখায় ইসলামী ব্যাংকিং সেবাও চালু রয়েছে।
আর্থিক সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি
ব্যাংকের আর্থিক সূচক প্রসঙ্গে মঈনুল কবীর বলেন, “আমানত, ঋণ ও অগ্রিম, আমদানি-রফতানি বাণিজ্য, রেমিট্যান্স প্রবাহ, মূলধন এবং মোট সম্পদসহ অধিকাংশ সূচকেই ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরে ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ১৫ শতাংশ। যেখানে পুরো ব্যাংকিং খাতে আমানত ও ঋণের প্রবৃদ্ধি প্রায় ছয় শতাংশের মতো, সেখানে এসবিএসি ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাত দশমিক পাঁচ শতাংশ।”
তিনি আরও জানান, ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমানে ৮২৪ কোটি টাকা। তারল্য পরিস্থিতিও সন্তোষজনক রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ঋণ-আমানত অনুপাত (এডিআর) সীমা ৮৭ শতাংশ হলেও এসবিএসি ব্যাংক তা ৮১ থেকে ৮৩ শতাংশের মধ্যে বজায় রাখছে। পাশাপাশি ব্যাংকটির অতিরিক্ত তারল্য রয়েছে এক হাজার কোটিরও বেশি।
ঝুঁকি ব্যবস্থাপনা ও বিনিয়োগ কৌশল
মঈনুল কবীর বলেন, আগ্রাসী বিনিয়োগে না গিয়ে ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ভালো গ্রাহক নির্বাচন করে ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ব্যাংকটির মোট বিনিয়োগের প্রায় ৩৪ থেকে ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে দেওয়া হয়েছে। এছাড়া কৃষি ও কৃষিভিত্তিক শিল্প খাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডিজিটাল ব্যাংকিংয়ের অগ্রগতি
ডিজিটাল ব্যাংকিং প্রসঙ্গে তিনি বলেন, গ্রাহকের চাহিদা বিবেচনায় ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে। অনলাইন লেনদেনে প্রতারণা রোধ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটি সর্বোচ্চ সতর্ক রয়েছে। এই পদক্ষেপ ব্যাংকিং খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে ত্বরান্বিত করছে বলে তিনি মন্তব্য করেন।



