ইসলামী ব্যাংকিংয়ে বাড়ি-গাড়ি কেনা: শরিয়াহ্‌সম্মত বিকল্পে মধ্যবিত্তের স্বপ্নপূরণ
ইসলামী ব্যাংকিংয়ে বাড়ি-গাড়ি কেনা: মধ্যবিত্তের স্বপ্নপূরণ

ইসলামী ব্যাংকিংয়ে বাড়ি-গাড়ি কেনা: শরিয়াহ্‌সম্মত বিকল্পে মধ্যবিত্তের স্বপ্নপূরণ

নিজের একটি বাড়ি আর গাড়ি—এটি বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের একটি সাধারণ স্বপ্ন। কিন্তু উচ্চমূল্য ও দীর্ঘমেয়াদি সুদের চাপের কারণে এই স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। তবে শরিয়াহ্‌সম্মত কাঠামোতে পরিচালিত ইসলামী ব্যাংকিং এখন একটি বিকল্প ও স্বস্তিদায়ক সমাধান হিসেবে আবির্ভূত হচ্ছে। বাংলাদেশে প্রাইম ব্যাংক পিএলসি-সহ একাধিক বাণিজ্যিক ব্যাংক শরিয়াহ্‌ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে এই সেবা দিচ্ছে, যেখানে সুদভিত্তিক ঋণের পরিবর্তে মুরাবাহা, ইজারা কিংবা মুশারাকার মতো সম্পদভিত্তিক লেনদেন ব্যবহৃত হয়।

শরিয়াহ্‌সম্মত কাঠামোতে আবাসন বিনিয়োগ

ইসলামী ব্যাংকিংয়ে সাধারণত ব্যাংক প্রথমে গ্রাহকের পছন্দের সম্পত্তি ক্রয় করে, তারপর নির্ধারিত মুনাফাসহ কিস্তিতে গ্রাহকের কাছে বিক্রি করে। এই পদ্ধতিতে সম্পদটি বাস্তব লেনদেনের মাধ্যমে হস্তান্তরিত হয়, ফলে সুদের অনিশ্চয়তা থাকে না এবং শুরুতেই মোট পরিশোধযোগ্য অর্থ নির্ধারিত থাকে। মধ্যবিত্ত ক্রেতাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাঁরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে মাসিক কিস্তি ঠিক করে নিতে পারেন। অনেক ক্ষেত্রে ১০ থেকে ২০ বছর পর্যন্ত সময়সীমা থাকে, যা পারিবারিক আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক চাপ কমায়। পাশাপাশি, সম্পদের ওপর যৌথ মালিকানার ভিত্তিতে ধীরে ধীরে পূর্ণ মালিকানা অর্জনের ব্যবস্থাও থাকে, যা দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করে।

আবাসন খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা

বাংলাদেশের আবাসন খাতে ইসলামী ব্যাংকিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে, শুধু ব্যক্তিপর্যায়ে ফ্ল্যাট বা বাড়ি কেনায় সহায়তা করছে না, বরং রিয়েল এস্টেট খাতেও স্থিতিশীল বিনিয়োগপ্রবাহ নিশ্চিত করছে। যেহেতু প্রতিটি লেনদেন সম্পদনির্ভর, তাই এখানে ঝুঁকি তুলনামূলক কম থাকে। গ্রাহকরা জানেন কত কিস্তি, কত সময়, কত মূল্য—কোনো ভাসমান সুদের হার বা হঠাৎ বেড়ে যাওয়া আর্থিক বোঝা নেই। ফলে পারিবারিক বাজেট পরিকল্পনা সহজ হয় এবং আর্থিক অনিশ্চয়তা দূরীভূত হয়।

গাড়ি কেনায় ইসলামী ব্যাংকিংয়ের ভূমিকা

শুধু আবাসন নয়, ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক ব্যবহারের জন্য নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি কেনাতেও ইসলামী ব্যাংকিং কার্যকর ভূমিকা রাখছে। এখানে ব্যাংক গাড়ি ক্রয় করে গ্রাহকের কাছে কিস্তিতে হস্তান্তর করে, যা ব্যক্তিগত ব্যবহার ও ব্যবসা—উভয় ক্ষেত্রেই আলাদা বিনিয়োগ পরিকল্পনা দেয়। বাণিজ্যিক ক্ষেত্রে এই সুবিধা উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে সহায়ক, যেমন পরিবহন, ডেলিভারি সার্ভিস বা ক্ষুদ্র ব্যবসায় গাড়ি অত্যন্ত প্রয়োজনীয়। সুদবিহীন কাঠামোয় নির্ধারিত মুনাফার ভিত্তিতে কিস্তি পরিশোধ ব্যবসার নগদ প্রবাহের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা যায়, যা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে।

আর্থিক পরিকল্পনায় নমনীয়তা ও বিশেষ সুবিধা

ইসলামী ব্যাংকিংয়ের অন্যতম সুবিধা হলো নমনীয়তা। গ্রাহকের আয়, পেশা ও প্রয়োজন অনুযায়ী কিস্তির সময়সীমা ও পরিশোধের পদ্ধতি নির্ধারণ করা যায়। আগাম পরিশোধের ক্ষেত্রেও অনেক সময় বিশেষ সুবিধা থাকে। প্রাইম ব্যাংক প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন ইসলামী ব্যাংকিং কর্মকর্তা মো. শহীদ উল্যাহ্ বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়ি ও গাড়ি বিনিয়োগে ঝুঁকি কমাতে আমরা প্রথম গ্রাহকের আয়ের উৎস, ব্যয়ের ধারা ও ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা বিস্তারিতভাবে মূল্যায়ন করি। ইসলামী ব্যাংকিং কাঠামোতে আমরা সুদভিত্তিক ঋণের পরিবর্তে মুরাবাহা, ইজারা কিংবা মুশারাকার মতো শরিয়াহ্‌সম্মত চুক্তি ব্যবহার করি, যেখানে সম্পদভিত্তিক লেনদেন এবং স্বচ্ছ শর্তাবলি প্রাধান্য পায়।’

তিনি আরও যোগ করেন, ‘দীর্ঘমেয়াদি কিস্তি চলাকালে গ্রাহকের আর্থিক চাপে পরিবর্তন এলে আমরা পুনর্গঠন ও সহায়তার ব্যবস্থা রাখি। প্রয়োজনে কিস্তি পুনঃ তফসিলকরণ করা হয়, অর্থাৎ মাসিক কিস্তি কমিয়ে সময়সীমা বাড়ানো হয়। সাময়িক সংকটে গ্রেস পিরিয়ড বা স্থগিত সুবিধা দেওয়া হয়, যাতে গ্রাহক কিছু সময়ের জন্য আর্থিক চাপ থেকে মুক্ত থাকতে পারেন। আমাদের বিশেষায়িত পরামর্শ কেন্দ্র গ্রাহককে বাজেট ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেয়।’

স্বপ্নের বাড়ি বা প্রয়োজনের গাড়ি—উভয়ই জীবনের একটি বড় সিদ্ধান্ত। শরিয়াহ্‌সম্মত ও স্বচ্ছ কাঠামোয় পরিকল্পিত বিনিয়োগ সেই সিদ্ধান্তকে আরও নিরাপদ ও স্থিতিশীল করে তুলতে পারে। ইসলামী ব্যাংকিং তাই শুধু একটি বিকল্প নয়, বরং অনেকের জন্য এটি একটি আত্মবিশ্বাসী আর্থিক পথচলার মাধ্যমও বটে, যা মধ্যবিত্তের স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।