পূবালী ব্যাংকের কার্ড সেবা: আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তায় গ্রাহকদের আস্থা অর্জন
প্রথম আলো ডটকমের উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ব্যাংক কার্ড আয়োজন ২০২৬’। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে পূবালী ব্যাংকের কার্ড বিজনেস ডিভিশনের প্রধান এন এম ফিরোজ কামাল এই আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা চাই, এর মাধ্যমে প্রথম আলোর বিশাল পাঠকশ্রেণির কাছে পূবালী ব্যাংকের কার্ডের ফিচার ও সুযোগ-সুবিধাগুলো পৌঁছে যাক।’ তাদের প্রত্যাশা, অনলাইন প্ল্যাটফর্মের এই আয়োজন থেকেই গ্রাহকেরা বিভিন্ন কার্ডসেবা উপভোগ করতে আবেদন করুক।
কার্ডের বিশেষ সুবিধা ও রিওয়ার্ড
পূবালী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড দেশে ও দেশের বাইরে ব্যবহার করা যায়। ভিসা-মাস্টার কার্ডের মতো গ্লোবাল স্কিমের পাশাপাশি তারা দেশীয় স্কিম ‘টাকাপে’ ইস্যু করে। বর্তমানে ১ লাখ ১০ হাজার ‘টাকাপে’ কার্ড ইস্যু করা হয়েছে। ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য হলো ‘সিঙ্গেল প্লাস্টিক’ ও ‘সিঙ্গেল কারেন্সি’ সুবিধা। অর্থাৎ একটি মাত্র কার্ডেই বিশ্বজুড়ে লেনদেন ও এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস সম্ভব। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনের বিলও পরিশোধ করা যায় সিঙ্গেল কারেন্সিতে।
- ফাইভ স্টার হোটেলে ‘বাই ওয়ান গেট ওয়ান’ বাফেট সুবিধা
- হাজারের বেশি মার্চেন্টে ইএমআই, ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার
- দেশজুড়ে ২৭ হাজারের বেশি পস (POS) মেশিন স্থাপন
নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়ন
গ্রাহকের অর্থের নিরাপত্তায় পূবালী ব্যাংকের কার্ডগুলোতে ইএমভি চিপসুবিধা (EMV Chip) রয়েছে, যা কার্ডের ডেটাকে সুরক্ষিত রাখে। এছাড়া ‘গ্রিন পিন’ ইস্যু করা হয়, যা গ্রাহকের ফোনে পাঠানো হয় শুধু কার্ড ‘অ্যাক্টিভেট’ করার সময়। পিন ও ওটিপির সমন্বয়ে করা লেনদেন গ্রাহককে নিশ্চিন্ত করেছে। আইএসও ও পিসিআইডিএসএস (PCIDSS) সার্টিফায়েড থাকায় পূবালী ব্যাংকের কার্ড ব্যবহার করা যায় সম্পূর্ণ নিরাপদে ও নিশ্চিন্তে।
সম্প্রতি কার্ডসেবায় ‘কন্ট্যাক্টলেস’ প্রযুক্তি ও এনএফসি সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে একজন গ্রাহক পাঁচ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা খুব সহজে ট্যাপ করে সম্পন্ন করতে পারছেন, যেখানে কার্ডের পিন দিতে হবে না। এটি গ্রাহকের মূল্যবান সময় সাশ্রয় করা ছাড়াও নিরাপত্তা নিশ্চিত করেছে।
ইএমআই সুবিধা ও ডিজিটাল ব্যাংকিং
পূবালী ব্যাংকের সঙ্গে এ মুহূর্তে আড়াই শোর বেশি শূন্য (০) শতাংশ ইএমআই বা ইন্সট্যান্ট ইএমআই মার্চেন্ট আছে। যেখানে ইলেকট্রনিকস, আসবাব, ট্রাভেল এজেন্সি, মুঠোফোন ও মোটরসাইকেলসহ সব ধরনের মার্চেন্টই চুক্তিবদ্ধ। এর মাধ্যমে গ্রাহকেরা সাশ্রয়ীভাবে যেকোনো পছন্দের ও প্রয়োজনীয় কেনাকাটা ইএমআই–সুবিধার মাধ্যমে সহজে সম্পন্ন করে নিতে পারছেন।
দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল ব্যাংকিং বা কার্ডের ব্যবহার বাড়াতে ‘পাই’ (পূবালী ইন্সট্যান্ট ইন্টারনেট) ব্যাংকিং অ্যাপের সঙ্গে কার্ডের ইন্টিগ্রেশন গ্রাহকদের জীবনকে সহজ করেছে। এই অ্যাপের মাধ্যমে তিন মিনিটে অ্যাকাউন্ট ওপেন করে ইন্সট্যান্ট ডেবিট কার্ড পাওয়া যায়। আর ক্রেডিট কার্ডের জন্য অনলাইনেও আবেদন করা যায়। গ্রাহকেরা পাই ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই ‘ব্যাংক টু ব্যাংক’ ফান্ড ট্রান্সফার ও ‘ব্যাংক টু এমএফএস’ ফান্ড ট্রান্সফার করতে পারছেন। এছাড়া কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন মার্চেন্ট শপে কেনাকাটার পেমেন্ট, গ্যাস, বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট বিল এবং মোবাইল রিচার্জের মতো সুবিধাসহ ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা নিতে পারছেন।
ক্যাশলেস বাংলাদেশ গড়ার প্রত্যাশা
ফিরোজ কামাল বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘ব্যাংক কার্ড আয়োজন’ নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে কার্ড প্রযুক্তির আধুনিক ব্যবহার, নিরাপত্তা ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষ আরও সচেতন হচ্ছেন। ফলে ক্যাশলেস লেনদেনভিত্তিক পণ্য—বিশেষ করে ব্যাংক কার্ডের জনপ্রিয়তা ও ব্যবহার দিন দিন বাড়ছে।’ এই আয়োজন গ্রাহকদের সচেতন করতে ও স্মার্ট লেনদেনে উৎসাহ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
