শাহজালাল বিমানবন্দরে দীর্ঘদিনের জব্দকৃত পণ্যের ই-নিলাম শুরু
শাহজালাল বিমানবন্দরে জব্দ পণ্যের ই-নিলাম শুরু

ঢাকা কাস্টমস হাউস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ধরনের পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে। এই বিশেষ ই-নিলামের আয়োজন করা হয়েছে কার্যক্ষমতা ও সক্ষমতা বাড়ানো, নিরাপত্তা ঝুঁকি কমানো এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করার লক্ষ্যে।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের আওতাধীন এয়ার ফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটে সংরক্ষিত বিভিন্ন ধরনের পণ্য ‘যেমন আছে তেমন’ ভিত্তিতে ই-নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এজন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে।

এনবিআরের একটি বিশেষ আদেশ অনুযায়ী, প্রথম নিলামে কোনো লটের জন্য সংরক্ষিত মূল্য না পাওয়া গেলেও প্রাপ্ত দরগুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতার কাছে সংশ্লিষ্ট লটটি বিক্রি করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিলামে অংশগ্রহণে আগ্রহীরা ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত কাস্টমস ও এনবিআরের নির্ধারিত ই-নিলাম ওয়েবসাইটে নিবন্ধন বা লগইন করে দরপত্র জমা দিতে পারবেন।

এনবিআর জানিয়েছে, নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দরদাতাদের পণ্য সরেজমিনে দেখার সুযোগ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে তারা অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন। তবে অনলাইন দরপত্রের সঙ্গে সিকিউরিটি ডিপোজিটের পে অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত টেন্ডার বক্সে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশের প্রযোজ্য শর্তাবলী অনুযায়ী পণ্য খালাস করতে হবে।

এদিকে, ই-নিলাম সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী দরদাতাদের তথ্য ২ জুলাই বিকেল ৩টায় ঢাকা কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করতে ভবিষ্যতেও এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।