নীলফামারীতে চীনা কারখানা বন্ধ, শ্রমিক সংকটে
নীলফামারীতে চীনা কারখানা বন্ধ, ৪ হাজারের বেশি শ্রমিক

নীলফামারীর উত্তরা ইপিজেডে চশমা ও অপটিক্যাল ফ্রেম উৎপাদনকারী চীনা প্রতিষ্ঠান ম্যাজেন (বাংলাদেশ) ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়েছে। কাঁচামালের সংকট ও গ্রাহকদের ক্রয়াদেশ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লে-অফের কারণ ও সময়সীমা

বুধবার বিকেলে কারখানাটির অপারেশনস ডিরেক্টর এরেন লি স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে কাঁচামাল সরবরাহে বিঘ্ন ও ক্রয়াদেশ কমে যাওয়ায় নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ৩০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে।

শ্রমিকদের বেতন-ভাতা

নোটিশে বলা হয়, লে-অফ চলাকালে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বাংলাদেশ ইপিজেড আইন, ২০১৯-এর ধারা ১৫ অনুযায়ী বেতনভাতা দেওয়া হবে। এ সময় কারখানায় উপস্থিতি বা দৈনিক হাজিরার প্রয়োজন হবে না। তবে কাঁচামাল সরবরাহ ও নতুন অর্ডার প্রাপ্তিসাপেক্ষে প্রয়োজন হলে সংশ্লিষ্টদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইপিজেড কর্মকর্তার বক্তব্য

বিষয়টি নিশ্চিত করে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, ক্রয়াদেশ ও কাঁচামাল–সংকটের কারণে শ্রমিকদের কাজ দেওয়ার মতো পরিস্থিতি নেই। ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কাঁচামাল ও ক্রয়াদেশ পাওয়া গেলে আবার কারখানাটি উৎপাদন কার্যক্রমে ফিরবে।

শ্রমিক সংখ্যা ও বেতন প্রদান

আবদুল জব্বার আরও বলেন, কারখানাটিতে স্থানীয় ৪ হাজার ৩৬১ জন শ্রমিক-কর্মকর্তা কর্মরত। এ ছাড়া ৯৬ জন চীনের নাগরিক ও বিশেষজ্ঞ কাজ করছেন। তাঁদের চলতি মাসের বেতন ৭ মে ও ঈদের বোনাস ১৪ মের মধ্যে দেওয়ার কথা জানিয়েছেন। কারখানাটি দ্রুত সময়ের মধ্যে আবার চালুর ব্যাপারে তাঁরা তাঁদের প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে যাচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ