নোয়াখালীতে বিয়ের চার দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বিয়ের চার দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র চার দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম ওরফে সাগর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় তাঁর বন্ধু রিফাত গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরএলাহী–গাঙচিল সড়কের জহিরের খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর একই এলাকার সৌদি আরবপ্রবাসী বেলাল হোসেনের ছেলে।

দুর্ঘটনার বিবরণ

নিহত যুবকের স্বজনেরা জানান, গত মঙ্গলবার নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর। বিয়ের পর গতকাল রাতে বন্ধু রিফাতকে নিয়ে চরএলাহী বাজার থেকে মোটরসাইকেলে ঘুরতে বের হন তিনি। পথে জহিরের খামার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সাগর ও রিফাত গুরুতর আহত হন। গুরুতর আহত সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

স্থানীয়দের বক্তব্য

স্থানীয় বাসিন্দা মো. ইসমাইল হোসেন বলেন, সাগরের মা–বাবা সৌদি আরবপ্রবাসী। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করা হলে সাগরের অবস্থার অবনতি হয়। পরে তাঁকে ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত তিনটার দিকে মৃত্যু হয়। আহত রিফাত বর্তমানে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার চরএলাহী ইউনিয়নে পারিবারিক কবরস্থানে সাগরের লাশ দাফন করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনাটি নিহত সাগরের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ