মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৬ গোলের ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের অভিযোগ তুলেছেন মিশরের তারকা মোস্তফা জিকো ও কোচ হোসাম হোসেন। তাদের দাবি, এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই সাজানো হয়েছে।
ম্যাচের বিতর্কিত ঘটনা
ম্যাচের ৫৮ মিনিটে মিশরের হয়ে দ্বিতীয় গোল করেন মোস্তফা জিকো, যা ভিএআর যাচাইয়ের মাধ্যমে বাতিল হয়। ম্যাচ শেষে ক্ষোভ উগরে দেন তিনি। তার দাবি, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ন্যায্য বিচার করেননি। তিনি বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। তিনি পুরো একটি দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।’
কোচের অভিযোগ
মিশরের প্রধান কোচ হোসাম হোসেন রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘জয়ের যোগ্য ছিলাম আমরা। ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল, কারণ তিনি ফরাসি। ম্যাচের আগে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল এবং এর ফল আমাদের ভোগ করতে হয়েছে। ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন দুই সময়েই ফলাফল প্রভাবিত হয়েছে।’ হোসাম হাসানের অভিযোগ, মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং সেই সিদ্ধান্ত ভিএআর-এও পর্যালোচনা করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোলটিও অকারণে বাতিল করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘জীবন কখনো কখনো বড় নির্মম।’
পাতানো ম্যাচের অভিযোগ
সবশেষে রেফারিং নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ তোলেন হোসাম হাসান। তিনি বলেন, ‘পরিণতি যাই হোক, আমি আমার মত বলবো। এটি স্পষ্টভাবেই পাতানো ম্যাচ ছিল, সবাই তা দেখেছে।’ এরপর প্রশ্ন ছুঁড়ে দেন মিশরের কোচ, ‘যদি আর্জেন্টিনাকেই জেতাতে চাওয়া হয়, তাহলে আমাদের এখানে খেলতে ডাকা হলো কেন?’



