ভিএআরের বিতর্কিত সিদ্ধান্তে জার্মানির বিদায়, ক্ষোভ শিয়ারার-নাগলসমান-ক্লপের
ভিএআরের বিতর্কিত সিদ্ধান্তে জার্মানির বিদায়

বোস্টনে প্যারাগুয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ের খেলায় কর্নার থেকে হেডে জাল কাঁপান জার্মানির জোনাথন টাহ। ২-১ গোলে এগিয়ে যাওয়ার আনন্দে মাতোয়ারা হয় জার্মান শিবির। কিন্তু বাদ সেধেছে ভিএআর। টাহর হেডের আগমুহূর্তে জার্মানির ডিফেন্ডার ভালডেমার আন্টন প্যারাগুয়ে গোলকিপার অরলান্দো হিলকে ফেলে দেওয়ায় ফাউলের দায়ে গোলটি বাতিল করে ভিএআর।

বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

অতিরিক্ত সময়ের ১২ মিনিটে গোল বাতিল হওয়ায় ম্যাচ আবার ১-১ গোলে ফিরে যায়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে রাউন্ড অব থার্টি টু থেকেই বিদায় নেয় জার্মানি। অন্যদিকে প্যারাগুয়ে দারুণ জয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয়।

কোনো ডিফেন্ডারের বাধা ছাড়াই ব্যাক পোস্টে লাফিয়ে উঠে হিলকে পরাস্ত করেন টাহ। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায়, গোলটির কয়েক সেকেন্ড আগে হিলকে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারার এই সিদ্ধান্তকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিয়ারারের ক্ষোভ: ‘একেবারে সস্তা সিদ্ধান্ত’

বিবিসি ওয়ানকে শিয়ারার বলেন, ‘আমি এই সিদ্ধান্তের সঙ্গে মোটেও একমত নই। সামান্য ছোঁয়াতেই গোলরক্ষক মাটিতে পড়ে গেলেন, এটা খুবই সস্তা একটা সিদ্ধান্ত। আমার মনে হয়েছে, এটা একটা জঘন্য সিদ্ধান্ত।’ তিনি আরও যোগ করেন, ‘আপনাকে বুঝতে হবে, ফুটবল শরীরনির্ভর খেলা। রেফারি ও ভিএআরকে বোকা বানিয়েছেন গোলরক্ষক। যেভাবে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, তা এককথায় জঘন্য।’

নাগলসমান ও ক্লপের প্রতিক্রিয়া

ম্যাচ শেষে জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমান বলেন, ‘ওটা কোনো ফাউলই ছিল না। ওই গোলটা বাতিল করা আসলে রসিকতা ছাড়া আর কিছুই নয়।’ গোল বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করায় ম্যাচ চলাকালে হলুদ কার্ড দেখতে হয় তাকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপে জার্মান টেলিভিশনে বিশ্লেষক হিসেবে কাজ করা লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ বাতিল গোলের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের গোল করার কৌশলের মিল খুঁজে পান। মায়েন্তা টিভিকে ক্লপ বলেন, ‘এই গোলটা যদি অবৈধ হয়, তবে আর্সেনালের তো ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হওয়াই কথা নয়! ওরা তো ওদের ৬০ শতাংশ গোলই এভাবে করেছে।’ তিনি আরও বলেন, ‘বল জালে জড়ানোর সঙ্গে আমরা ম্যাচটা জিতেছি। এমন সিদ্ধান্ত ভীষণ নিষ্ঠুর।’

সাবেক রেফারি ও বিশ্লেষকদের মতামত

প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন ক্যান বিবিসি ওয়ানকে বলেন, ‘আমার মতে, সিদ্ধান্তটি খুবই সস্তা ছিল। তবে চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত আমরা যা দেখেছি, তাতে গোলটা বাতিল হওয়ায় আমি মোটেও অবাক হইনি।’ তিনি আরও বলেন, ‘খুবই ছোটখাটো ফাউলের কারণে এর আগেও আমরা দুই থেকে তিনটি গোল বাতিল হতে দেখেছি। এটিও তেমন বড় কিছু ছিল না। গোলরক্ষককে সামান্য একটু ব্লক করা হয়েছিল ঠিকই, কিন্তু গোল বাতিলের জন্য তা যথেষ্ট ছিল না।’

বিবিসি রেডিও ফাইভ লাইভে যুক্ত হওয়া স্কটল্যান্ডের সাবেক উইঙ্গার প্যাট নেভিন বলেন, ‘বক্সের ভেতর তখন হট্টগোল চলছিল। সেখানে একটা ব্লক অবশ্যই ছিল, কিন্তু সেটা কি গোলরক্ষককে বাধাগ্রস্ত করেছে? দেখে তেমনই মনে হচ্ছে। তবে এটি সম্পূর্ণ রেফারির ব্যক্তিগত বিবেচনার বিষয়। সিদ্ধান্তটি মোটেও পরিষ্কার নয়।’