সংখ্যাতত্ত্বে বিশ্বাসী মার্তিনেজের ভবিষ্যদ্বাণী
পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন। বিশ্বকাপ শুরুর আগে গত মে মাসে পর্তুগিজ টিভি চ্যানেল আরটিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করি। ৬ সংখ্যাটি আমাদের সৌভাগ্য বয়ে আনতে পারে। ২০১৬ সালে পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে। ১৯৬৬ সালে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পায়। ২০০৬ সালেও সেমিফাইনালে ওঠে। পর্তুগাল যা পাওয়ার যোগ্য, এখন তা অর্জনের সময় এসেছে।’
বিশ্বকাপে সংখ্যাতত্ত্বের প্রয়োগ
বিশ্বকাপে মার্তিনেজের সেই বিশ্বাস মিথ্যে হয়নি। গ্রুপ পর্বে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। সে ম্যাচে ৬ মিনিটে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। তাঁর জার্সি নম্বর ১৫, এই দুটি সংখ্যা (৫+১) যোগ করলে হয় ৬। উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম গোলটি করেন ৬ মিনিটে। এবার ক্যারিয়ারের ৬ নম্বর বিশ্বকাপ খেলতে এসেছিলেন রোনালদো।
বুমেরাং হলো সংখ্যাতত্ত্ব
তবে সংখ্যাতত্ত্বের নির্মম রসিকতার শিকার হন মার্তিনেজ নিজেই। গতকাল রাতে ডালাসে স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি স্থানীয় সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে ৬ জুলাই। আর এ ম্যাচে স্পেনের জয়সূচক গোলদাতা মিকেল মেরিনোর জার্সি নম্বর ৬! ম্যাচে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। হারের পর পর্তুগালের কোচ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মার্তিনেজ।



