মেসির গোলে বিশ্বকাপে আর্জেন্টিনার টানা তৃতীয় জয়, নকআউটে কেপ ভার্দে চ্যালেঞ্জ
মেসির গোলে বিশ্বকাপে আর্জেন্টিনার টানা তৃতীয় জয়

জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নিয়মিত অনেক ফুটবলারকে রাখেননি কোচ লিওনেল স্ক্যালোনি। বেঞ্চের শক্তি যাচাই করতে গিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়লেও জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজের গোলে সেই চাপ কাটিয়ে ওঠে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দিলেও বিরতির পর মাঠে নেমে লিওনেল মেসি তৃতীয় গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

গ্রুপ পর্বে টানা তিন জয়

গ্রুপ পর্বে টানা তিন জয়ে নকআউট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই স্ক্যালোনিকে কথা বলতে হয়েছে শেষ ৩২-এর প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়েও।

কেপ ভার্দেকে নিয়ে সতর্ক স্ক্যালোনি

ইতোমধ্যে ‘পুঁচকে’ কেপ ভার্দে বিশ্বকাপে চমক দেখিয়ে আলোচনায় এসেছে। বিশেষ করে তাদের গোলরক্ষক ভোজিনহাকে এখন অনেকেই চেনেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত বেড়েছে তার অনুসারীর সংখ্যা। প্রতিপক্ষ নিয়ে তাই সতর্ক শোনালো স্ক্যালোনির কণ্ঠ, ‘তারা তিন প্রতিপক্ষের সবার জন্যই পরিস্থিতি কঠিন করে তুলেছিল। তারা একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আমাদের জন্যও কাজটা কঠিন হবে, কারণ দলটা ইতোমধ্যেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো ফেভারিট দলগুলোর বিপক্ষে সেটা দেখিয়েছে। এই বিশ্বকাপে আমরা যা দেখছি, তাতে আমাদের সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির, মানসম্পন্ন এবং ভালো দল।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূচি নিয়ে বিরক্তি

আগামী শুক্রবার মায়ামিতে শেষ ৩২ এর ম্যাচের সময়সূচি নিয়েও কিছুটা বিরক্তি প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘আমরা খুব গরম আবহাওয়ায় এমন একটি সময়ে খেলতে যাচ্ছি, যা বোঝা কঠিন। তবে সবাইকেই একই পরিস্থিতিতে খেলতে হচ্ছে। তাই অভিযোগ করার সুযোগ নেই।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একাদশে পরিবর্তনের কারণ

জর্ডানের বিপক্ষে একাদশে এত পরিবর্তনের কারণও ব্যাখ্যা করেছেন স্কালোনি। নকআউট পর্বের আগে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেওয়াই ছিল তার মূল লক্ষ্য। যদিও দ্বিতীয়ার্ধে মেসিসহ কয়েকজনকে মাঠে নামানো হয়, ‘মোলিনাকে বিশ্রাম দিয়েছি। সে দীর্ঘ বিরতির পর ফিরছিল। মন্তিয়েলকেও ঝুঁকিতে ফেলতে চাইনি, কারণ গুরুত্বপূর্ণ মুহূর্তে সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের ম্যাচটি এমন ছিল, যেখানে আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাইনি। একই সঙ্গে এই পজিশনে খেলতে পারে এমন একজন সম্ভাব্য খেলোয়াড়কেও যাচাই করে নিতে চেয়েছি।’

মেসির ত্যাগের প্রশংসা

এ সময় মেসির ত্যাগ ও দলীয় মানসিকতারও ভূয়সী প্রশংসা করেন স্ক্যালোনি। তিনি বলেন, ‘আজ সে চাইলে ৯০ মিনিটই খেলতে পারতো। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, সে চাইলে নিজের কিংবদন্তির মর্যাদা আরও শক্তিশালী করতে পারতো। কিন্তু সে তার সতীর্থদের খেলার সুযোগ দিতে চেয়েছে এবং সামনের ম্যাচগুলোর কথা ভেবেছে। এটি তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দেয়। কারণ সে কখনোই সেই সংখ্যা বা রেকর্ডের পেছনে ছোটে না, যেগুলো নিয়ে সবাই কথা বলে। তার কাছে জাতীয় দল, এই গ্রুপ এবং তার সতীর্থরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর বাইরে, আমি আপনাদের মতোই, এ বিষয়ে বলার মতো আর কোনো শব্দ আমার নেই।’