জর্ডানের অভিষেক বিশ্বকাপ: আর্জেন্টিনার বিপক্ষে স্মরণীয় কিছু করতে চায় দলটি
জর্ডানের অভিষেক বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি

বিশ্বকাপে এবারই প্রথম খেলছে জর্ডান। তবে অভিষেক আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। টানা দুই ম্যাচ হেরে শেষ ৩২-এর আশা শেষ হয়ে গেলেও বিদায়ের আগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে স্মরণীয় কিছু করতে চায় দলটি।

ম্যাচের প্রেক্ষাপট

শনিবার (২৭ জুন) ডালাসে গ্রুপ 'জে'-এর শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান। এরই মধ্যে দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে একাধিক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারেন। লিওনেল মেসিও বেঞ্চ থেকে ম্যাচ শুরু করে দ্বিতীয়ার্ধে নামতে পারেন বলে জানিয়েছেন স্কালোনি।

জর্ডান কোচের প্রতিক্রিয়া

তবে প্রতিপক্ষের একাদশ নিয়ে ভাবছেন না জর্ডানের কোচ জামাল সেলামি। তিনি বলেন, ‘আর্জেন্টিনার কোচ কী একাদশ নামাবেন, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। তবে যারা-ই খেলুক, তারা অসাধারণ ফুটবলার এবং প্রত্যেকেই এই দলে থাকার যোগ্য।’ তিনি আরও বলেন, ‘তারা সবাই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে। তাই খেলোয়াড় যেই হোক না কেন, সে আর্জেন্টিনার সেই স্বপ্নই বহন করবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেসির সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন জর্ডান কোচ। তার ভাষ্য, ‘অবশ্যই, মেসি খেললে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আর যদি না-ও খেলেন, তবুও আমরা একটি অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত দলের বিপক্ষেই খেলব।’

অধিনায়কের দৃষ্টিভঙ্গি

জর্ডানের অধিনায়ক নূর আল-রাওয়াবদেহর লক্ষ্য শুধু ম্যাচ খেলা নয়, নিজেদের দেশের ইতিবাচক পরিচয়ও বিশ্ববাসীর সামনে তুলে ধরা। তিনি বলেন, ‘এখানে আসতে পারাটাই একটি বার্তা। আমরা জর্ডানের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে বিশ্বের কাছে ইতিবাচক ধারণা পৌঁছে দিতে চাই, দেখাতে চাই আমরা আসলে কারা।’ স্বপ্নের কথাও জানাতে ভোলেননি তিনি। ‘জর্ডানের মানুষ স্বপ্ন দেখতে জানে এবং তাদের মধ্যে অধ্যবসায় আছে। আমরা অত্যন্ত আনন্দিত যে এই ভাবমূর্তিটি ফুটিয়ে তুলতে পেরেছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ