ভুয়া স্ক্রিনশটে হলান্ডের মেসি মন্তব্য, আসলটি সম্পাদিত
ভুয়া স্ক্রিনশটে হলান্ডের মেসি মন্তব্য, আসলটি সম্পাদিত

আর্লিং হলান্ডের একটি ভুয়া উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়, নরওয়ের স্ট্রাইকার বলেছেন, ‘মেসি আমাকে কখনোই বিশ্বকাপের গোল্ডেন বুট ছুঁতে দেবে না।’ তবে প্রথম আলোর ফ্যাক্ট চেকে দেখা যায়, এই মন্তব্যের কোনো প্রমাণ নেই। বরং হলান্ডের স্ন্যাপচ্যাটে দেওয়া একটি স্টোরির স্ক্রিনশট সম্পাদনা করে ভুয়া লেখা যুক্ত করা হয়েছে।

ভুয়া উদ্ধৃতি ছড়ানোর প্রেক্ষাপট

১১ জুন শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে ছয় গোল নিয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। আর চার গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আর্লিং হলান্ড। এই প্রেক্ষাপটে ‘মেসি আমাকে কখনোই বিশ্বকাপের গোল্ডেন বুট ছুঁতে দেবে না’ মন্তব্যটি ছড়ায়। তবে অধিকাংশ প্রতিবেদনে হলান্ড ঠিক কোথায় এমন মন্তব্য করেছেন, তা উল্লেখ করা হয়নি। কিছু প্রতিবেদনে একটি স্ক্রিনশট ব্যবহার করা হয়, যেখানে হলান্ডের ছবির সঙ্গে ইংরেজিতে ওই মন্তব্য দেখা যায়।

যেভাবে ছড়ায়

২৮ জুন ‘Playmaker’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টসহ একাধিক অ্যাকাউন্ট একই স্ক্রিনশট শেয়ার করে দাবি করে, এটি হলান্ডের স্ন্যাপচ্যাট স্টোরি। পরে দেশি-বিদেশি কয়েকটি সংবাদমাধ্যমও এটি প্রকাশ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যাচাইয়ে যা মিলল

প্রথমে হলান্ডের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এমন কোনো স্টোরি বা মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। স্ন্যাপচ্যাট স্টোরি ২৪ ঘণ্টা পর মুছে যায় বলে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য হলান্ডের অফিশিয়াল এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট পর্যালোচনা করা হয়। কোথাও আলোচিত মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি। আন্তর্জাতিক ক্রীড়াবিষয়ক সংবাদ পোর্টালগুলোতেও এমন কোনো মন্তব্যের খবর নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকের পর হলান্ড স্ন্যাপচ্যাটে ‘Messi is a madman’ লিখেছিলেন বলে একাধিক আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছিল। ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। অর্থাৎ হলান্ডের স্ন্যাপচ্যাটের কোনো আলোচিত প্রতিক্রিয়া থাকলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রতিফলিত হওয়ার নজির রয়েছে।

স্ক্রিনশট বিশ্লেষণ

২৩ জুন হলান্ড স্ন্যাপচ্যাটে ‘What a journey’ এবং ‘So happy’ লিখে দুটি স্টোরি দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই স্টোরিগুলোর স্ক্রিনশট প্রকাশিত হয়। এর মধ্যে ‘What a journey’ লেখা স্টোরিতে ব্যবহৃত ছবিটির সঙ্গে ভাইরাল স্ক্রিনশটে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। ছবির ফ্রেম, পোশাক, মুখের অভিব্যক্তি এবং অন্যান্য দৃশ্যমান উপাদান একই। পার্থক্য কেবল স্টোরির লেখায়। মূল স্টোরিতে ‘What a journey’ লেখা থাকলেও ভাইরাল স্ক্রিনশটে ‘Messi is never letting me touch the World Cup Golden Boot’ লেখা দেখা যায়।

সুতরাং বিদ্যমান একটি স্ন্যাপচ্যাট স্টোরির ছবি ব্যবহার করে নতুন লেখা সংযোজনের মাধ্যমে ভুয়া স্ক্রিনশট তৈরি করা হয়েছে।

পূর্ববর্তী ভুয়া উদ্ধৃতি

ফিফা বিশ্বকাপের মধ্যে এর আগেও লিওনেল মেসিকে ঘিরে একাধিক ভুয়া উদ্ধৃতি ছড়িয়েছিল। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিওর নামে মেসিকে ‘সর্বকালের সেরা ফুটবলার’ স্বীকার করার দাবি প্রচারিত হয়। পরে রোনালদো নিজেই জানান, তাঁর নামে প্রচারিত সাক্ষাৎকারটি সম্পূর্ণ মনগড়া। একইভাবে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির নামেও মেসিকে নিয়ে একটি ভুয়া উদ্ধৃতি ভাইরাল হয়েছিল।

প্রথম আলো ফ্যাক্ট চেক জানায়, হলান্ডের মেসি সংক্রান্ত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া এবং এটি একটি সম্পাদিত স্ক্রিনশটের ভিত্তিতে ছড়ানো হয়েছে।