বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে কঠিন ম্যাচ এখনও তাড়া করছে আর্জেন্টিনাকে
কেপ ভার্দে ম্যাচ এখনও তাড়া করছে আর্জেন্টিনাকে

বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল বড় এক সতর্কবার্তা। আরেকটু হলেই আলবিসেলেস্তেদের শিরোপা ধরে রাখার স্বপ্নে ছেদ পড়তে পারতো। তাই আফ্রিকার ছোট দেশটির বিপক্ষে পাওয়া কঠিন অভিজ্ঞতা এখনও তাড়া করে ফিরছে বর্তমান চ্যাম্পিয়নদের।

কেপ ভার্দে ম্যাচের স্মৃতি

মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে সেই কেপ ভার্দে ম্যাচের প্রসঙ্গই বারবার টেনে আনলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। একই সঙ্গে জানিয়ে দিলেন, এবার প্রতিপক্ষকে সেই ধরনের সুযোগ দিতে চান না তারা।

চার ম্যাচের চারটিতেই জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে টানা জয়ের পরও সতর্ক স্ক্যালোনি। বর্তমান চ্যাম্পিয়ন বা ফেবারিট তকমা মাঠের লড়াইয়ে কোনও নিশ্চয়তা দেয় না—চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায় সেটিই আবারও প্রমাণ করেছে বলে মনে করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিলের বিদায় থেকে শিক্ষা

শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, ‘অনুশীলন চলার কারণে আমি ব্রাজিলের ম্যাচের কিছু অংশ ছোট ছোট খণ্ডে দেখেছি। এটি আসলে টুর্নামেন্টের কঠিন বাস্তবতাই তুলে ধরে। নরওয়ে খুবই ভালো দল। ম্যাচের শেষদিকে এনদ্রিক যদি গোলটি করে ফেলত, তাহলে আজ আমরা সম্পূর্ণ ভিন্ন কিছু নিয়ে কথা বলতাম।’

ব্রাজিলের বিদায়কে সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, ‘ওরা (ব্রাজিল) বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। ঠিক যেমনটা সেদিন (কেপ ভার্দের বিপক্ষে) আমাদের ক্ষেত্রেও ঘটতে পারত, কিংবা এই বিশ্বকাপে যে কারও সঙ্গেই ঘটতে পারে।’

লড়াকু মানসিকতার গুরুত্ব

স্ক্যালোনি মনে করিয়ে দেন, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে দলের লড়াকু মানসিকতাই তাদের বাঁচিয়েছে। তিনি বলেন, ‘কেপ ভার্দের বিপক্ষে দল যদি সেই দৃঢ়তা ও লড়াকু মানসিকতা না দেখাত, তাহলে আমরাও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতাম। যখন আপনি ভালো খেলবেন না, দলে এই মানসিকতা না থাকবে, তখন টুর্নামেন্টে টিকে থাকা কঠিন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এবারের বিশ্বকাপকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলেও মন্তব্য করেন আর্জেন্টিনা কোচ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ

‘এই বিশ্বকাপটি সবার জন্যই কঠিন প্রমাণিত হচ্ছে। এমন কোনও একক দল নেই, যারা আলাদাভাবে আধিপত্য দেখাচ্ছে। শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে লড়তে হয়েছে, স্পেনও কঠিন পরীক্ষার মুখে পড়েছে পর্তুগালের বিপক্ষে। কোনও দলই আগের মতো সহজে ম্যাচ জিততে পারছে না, কারণ প্রতিপক্ষরাও অনেক ভালো খেলছে।’

মঙ্গলবার শেষ আটে ওঠার লড়াইয়ে ব্রাজিলের মতো অঘটন এড়াতে মিসরকে নিয়ে সর্বোচ্চ সতর্ক আর্জেন্টিনা। প্রতিপক্ষকে সমীহ করে স্ক্যালোনি বলেন, ‘আমরা উচ্চ সতর্কতায় আছি, কারণ মিসর খুব কঠিন প্রতিপক্ষ। তাদের দলে উঁচুমানের খেলোয়াড় আছে এবং কোচও দীর্ঘ সময় ধরে কাজ করছেন। সালাহ দুর্দান্ত খেলোয়াড়, তার মুখোমুখি হওয়াটা আনন্দের। তবে আমরা সবসময়ই দলগতভাবে সতর্কতা অবলম্বন করি।’

ম্যাচের কৌশল

ম্যাচের কৌশল নিয়েও নিজের পরিকল্পনা পরিষ্কার করেছেন আর্জেন্টিনা কোচ। স্ক্যালোনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো কেপ ভার্দে যেভাবে হঠাৎ কাউন্টার অ্যাটাকে উঠে আমাদের ক্ষতি করেছিল, সেই সুযোগ এবার না দেওয়া। আমরা বলের দখল ধরে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করতে চাই। আমাদের মূল লক্ষ্যই থাকবে প্রতিপক্ষকে দ্রুত পাল্টা আক্রমণের সুযোগ না দেওয়া।’