প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী
প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় উঠেছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গ জয় করেন তিনি। এর মাধ্যমে তিনিই প্রথম বাংলাদেশি, যিনি বিশ্বের পঞ্চম উচ্চতম এই পর্বতে আরোহণে সফল হলেন।

অভিযানের নিশ্চয়তা

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে বাবর আলীর এই অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্স। পৃথিবীতে ৮ হাজার মিটার বা তার বেশি উচ্চতার পর্বত রয়েছে মোট ১৪টি। ২০২৫ সাল পর্যন্ত ১৪টি আট-হাজারি শৃঙ্গের মধ্যে চারটি জয় করেছিলেন বাবর। আজকের এই অর্জনে তিনি নিজের পঞ্চম আট-হাজারি শৃঙ্গের চূড়া স্পর্শ করলেন— যা এখনও কোনও বাংলাদেশির নেই।

অভিযানের বিস্তারিত

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। ক্লাবটির সভাপতি ফারহান জামান নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে বাবরের মাকালু শৃঙ্গে আরোহণের তথ্য নিশ্চিত করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা ‘মহা-কালো’ নামে পরিচিত মাকালু জয়ের উদ্দেশে বাবর গত ৭ এপ্রিল দেশ ছাড়েন। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ৯ এপ্রিল তিনি উড়ে যান টুমলিংটার, সেখান থেকে গাড়িতে পৌঁছান সেদুয়া গ্রামে। এরপর পায়ে হেঁটে ১৮ এপ্রিল পৌঁছান উচ্চতর বেজক্যাম্পে।

উচ্চতার সঙ্গে শরীর মানিয়ে নিতে ২১ এপ্রিল ক্যাম্প-১ এবং পরদিন ক্যাম্প-২-এ অবস্থান করেন তিনি। প্রায় সাত হাজার মিটার উচ্চতা স্পর্শ করে পরে নেমে আসেন বেজক্যাম্পে। দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল আবারও উঠে ক্যাম্প-২-এ একদিন কাটিয়ে পরদিন নেমে আসেন। এরপর শুরু হয় অনুকূল আবহাওয়ার অপেক্ষা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩০ এপ্রিল আবহাওয়া অনুকূলে এলে আবার অভিযানে নামেন বাবর। সেদিনই পৌঁছে যান ছয় হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২-এ, পরদিন ওঠেন সাত হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩-এ। সেখান থেকে রাতেই শুরু করেন চূড়ান্ত আরোহণ। টানা এক হাজার ১০০ মিটারেরও বেশি বিপজ্জনক খাড়া পথ পেরিয়ে ভোরে পৌঁছান শিখরে।

পরবর্তী পরিকল্পনা

অভিযান ব্যবস্থাপক ফরহান জামান জানিয়েছেন, বাবর আজ ক্যাম্প-২-এ এবং আগামীকাল ৩ মে বেসক্যাম্পে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

বাবর আলীর পর্বতারোহণ জীবন

পেশায় চিকিৎসক বাবর আলীর পর্বতারোহণে যাত্রা শুরু করেন ২০১৪ সালে, যদিও ট্রেকিং শুরু ২০১০ সালে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে। পর্বতারোহণে সক্রিয় বাবর আলী এর আগে মাউন্ট এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ ও মানাসলুসহ একাধিক শৃঙ্গ জয় করেছেন। ২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয় করেন।

ভার্টিক্যাল ড্রিমার্সের সাধারণ সম্পাদক বাবর আলী ২০১৪ সাল থেকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে অভিযান চালিয়ে আসছেন। ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) শৃঙ্গ জয় করেন। পরে ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট (২৯,০৩১ ফুট) ও লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন।

২০২৫ সালের এপ্রিলে বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ (২৬,৫৪৫ ফুট) জয় করেন। একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট) আরোহণ করেন, যা কোনও বাংলাদেশির জন্য বিরল অর্জন।

পৃষ্ঠপোষকতা

ভার্টিক্যাল ড্রিমার্সের এই অভিযানে পৃষ্ঠপোষকতা দিয়েছে স্যাম বন্ড, মাই হেলথ ও চন্দ্রবিন্দু প্রকাশন।