বাংলাদেশ ফুটবল দলের কোচ নিয়োগে নতুন দিগন্ত
বাংলাদেশ ফুটবল দলের কোচ নিয়োগে নতুন দিগন্ত

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন? চারদিকের জল্পনাকল্পনা ছাপিয়ে ফুটবল পাড়ায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বাফুফে ভবনে তোড়জোড় চলছে নতুন কোচ নিয়োগের। কারণ, এবার এমন এক প্রক্রিয়ার মাধ্যমে কোচ নিয়োগ হতে যাচ্ছে, যা দেশের ফুটবল ইতিহাসে আগে দেখা যায়নি।

অভিজ্ঞ কোচের সন্ধানে বাফুফে

বাফুফেকে দেখা যেত হঠাৎ করে অনভিজ্ঞ কাউকে কোচ বানিয়ে নিয়ে আসতে। সর্বশেষ কোচ হাভিয়ের কাবরেরার যেমন জাতীয় দল নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতাই ছিল না। অথচ তাঁকে জাতীয় দলের কোচ করে এনে চার বছর রাখা হলো। এমন অনভিজ্ঞ কোচ আনা অতীতেরই ধারাবাহিকতা। কিন্তু এবার বাফুফে অভিজ্ঞ ও পেশাদার কোচের প্রতি ঝুঁকেছে।

২৩০টি আবেদন, ১৭০ জন উয়েফা প্রো-লাইসেন্সধারী

বাফুফে সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, জাতীয় দলের কোচ হওয়ার জন্য এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভাবনীয় সাড়া মিলেছে। মোট ২৩০টি আবেদন জমা পড়েছিল বাফুফের টেবিলে। বাংলাদেশের ফুটবলের প্রতি বিদেশি কোচদের এই প্রবল আগ্রহের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে হামজা চৌধুরীকে। গত বছর হামজা জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে বিশ্ব ফুটবল অঙ্গনে বাংলাদেশকে নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, আবেদনকারীদের মধ্যে ১৭০ জনই ছিলেন উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচ। কয়েক ধাপের বাছাইপ্রক্রিয়া শেষে প্রাথমিক তালিকায় ১০০ জন এবং পরবর্তী সময়ে ২৩ জনকে রাখা হয়। সেখান থেকে বিচার-বিশ্লেষণ শেষে সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয় মাত্র ১১ জনকে।

চূড়ান্ত সিদ্ধান্ত আজ বা আগামীকাল

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গত পরশু সাংবাদিকদের জানিয়েছেন, রোববার অর্থাৎ আজ কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং ১৫ মের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তিও সেরে ফেলবে ফেডারেশন। তবে আজই কোচের নাম জানা যাবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বাফুফে সূত্রের খবর, কোচ চূড়ান্ত করতে আরও দুই-এক দিন সময় লাগতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্রিস কোলম্যান ও বার্নড স্টর্ক শীর্ষ প্রার্থী

কোচ হওয়ার দৌড়ে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা বিশ্ব ফুটবলের পরিচিত নাম। তালিকার প্রথম দিকে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের মতো তারকাদের সামলানো কোলম্যান ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এবং কোচ হিসেবে রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহামের মতো ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। গতকালই অনলাইনে তাঁর সাক্ষাৎপর্ব হওয়ার কথা ছিল।

৫৫ বছর বয়সী কোলম্যানের পাশাপাশি সমানভাবে আলোচনায় আছেন হাঙ্গেরির সাবেক জার্মান কোচ বার্নড স্টর্ক। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৪৬টিসহ বুন্দেসলিগায় ১৭০টি ম্যাচ খেলা সাবেক এই ডিফেন্ডার হাঙ্গেরি ও কাজাখস্তানের কোচ হিসেবেও কাজ করেছেন। ৬৩ বছর বয়সী স্টর্ক বরুসিয়া ডর্টমুন্ডের সহকারী কোচ ছিলেন। বাফুফের সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এই দুজনের মধ্যে একজনের সম্ভাবনাই বেশি।

রোজেরিও মিকেল সরে দাঁড়ালেন

তবে এই নাম দুটি ছাপিয়ে বড় চমক হিসেবে এসেছিল রোজেরিও মিকেলের নাম। ২০১৬ রিও অলিম্পিকে নেইমারদের সোনা জেতানো এই ব্রাজিলিয়ানকে নিয়ে শুরু থেকেই উৎসাহ ছিল অনেক। নেইমারের বাংলাদেশি বন্ধু রবিন মিয়ার মাধ্যমে মিকেল বাংলাদেশের কোচ হতে আগ্রহ দেখিয়েছিলেন বলে জানা গেছে। যদিও বাফুফের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় মিকেল নিজেই কোচের দৌড় থেকে সরে গেছেন বলে খবর।

এদিকে ও’গ্লোবোসহ ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মিকেল ব্রাজিলের দ্বিতীয় বিভাগের লন্ড্রিনা এসপোর্ত ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ৮ মে। এই ক্লাবের হয়ে একসময় খেলেছেনও সাবেক এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। বাফুফে সূত্রে জানা গেছে, মিকেল তাঁদের সংক্ষিপ্ত তালিকায় ভালোভাবেই ছিলেন এবং বেতন চেয়েছিলেন ৩০ হাজার ডলার।

বাজেট বেড়েছে, চ্যালেঞ্জও কম নয়

আগে যেখানে মাসে ৮-১০ হাজার ডলার বেতনে কোচ নিয়োগ দেওয়া হতো, এবার সেখানে কোচের জন্য মাসে ১৫-২০ হাজার ডলার বাজেট রাখছে বাফুফে। এমনকি হাই প্রোফাইল কোচ নিশ্চিত করতে বাড়তি অর্থের জন্য বাফুফে কর্তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে পরশু দেখা করেছেন। আমিনুল ইতিবাচক আশ্বাসও দিয়েছেন। ফলে এবার বাফুফে ২৫-৩০ হাজার ডলার মাসিক পারিশ্রমিকের কোচ নিয়োগ দেওয়ার কথাও ভাবতে পারে।

কিন্তু ক্রিস কোলম্যান-স্টর্কদের সঙ্গে শেষ পর্যন্ত ‘ব্যাটে-বলে’ মিলবে তো বাফুফের? মিলে গেলে তাঁরা নিজস্ব কোচিং স্টাফ নিয়ে আসতে চাইবেন। এতটা ব্যয় বাফুফে করতে পারবে কি? এই মানের কোচরা জাতীয় দলের জন্য যেসব সুযোগ-সুবিধা চাইবেন, বাফুফে তা দিতে পারবে কি না, থাকছে সে প্রশ্নও।