বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই ধাক্কা খেয়েছে উরুগুয়ে। হারলে বিশ্বকাপ থেকে বিদায়—এমন সমীকরণে প্রথমার্ধেই স্পেনের কাছে এক গোল হজম করে পিছিয়ে পড়েছে তারা। একই গ্রুপে কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচটি অবশ্য এখনও গোলশূন্য।
গোলের বিবরণ
ম্যাচের একমাত্র গোলটি হয়ছে ৪২ মিনিটে। যার দায়টা উরুগুয়ের। নিজেদের এলোমেলো খেলায় ডি-বক্স থেকে বল ঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হয় তারা। সেই সুযোগে মার্কোস লরেন্তে নিচু ক্রসে বল পাঠান বক্সের ভেতরে। কিন্তু উরুগুয়ের ডিফেন্ডাররা তা সামলাতে পারেননি। বল পেয়ে দ্রুত শট নেন অ্যালেক্স বায়েনা। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা সর্বোচ্চ চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। তার হাত ফসকে বল জড়িয়ে যায় জালে।
সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া
৪৫+৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল উরুগুয়ে। ডান প্রান্তে রোনাল্ড আরাউহো ও ফেদেরিকো ভালভার্দের দারুণ বোঝাপড়ায় গড়ে ওঠে আক্রমণ। এরপর গোলমুখে নিচু ক্রসে বল বাড়িয়ে দিয়েছিলেন ভালভার্দে। কিন্তু নুনেজ বলের নাগাল পেয়ে গোলমুখে শট নেওয়ার আগেই স্লাইড করে বিপদ সামাল দেন আইমেরিক লাপোর্তে। তার হস্তক্ষেপে আক্রমণ ভেস্তে গেছে। এরপর সহজেই বলটি নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক উনাই সিমোন।



