ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে তদন্তের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপ ফুটবলে ফিফা প্রেসিডেন্টের ভূমিকা খতিয়ে দেখার জন্য বিশেষ তৎপরতা শুরু করেছেন তারা। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে এপি নিউজের প্রতিবেদনে জানা যায়।
চিঠিতে কী বলা হয়েছে?
চিঠিতে ফিফার পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় নীতি নির্ধারকরা মনে করছেন, বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও সততা ধরে রাখতে ইউরোপের দেশগুলোর এখনই হস্তক্ষেপ করার এবং বালোগান মামলার সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি তোলার উপযুক্ত সময়।
ঘটনার সূত্রপাত
গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড পেয়েছিলেন। এই লাল কার্ডকে ‘অন্যায়’ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ফিফা এক অদ্ভুত আইনি ফাঁকফোকর ব্যবহার করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে। শোনা যাচ্ছে, ট্রাম্প এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে ফোন করেন এবং ‘একটি বিশাল অন্যায়ের অবসান ঘটানোর জন্য’ তাকে ধন্যবাদ জানান।
ইউরোপজুড়ে ক্ষোভ
ফিফার এই নজিরবিহীন সিদ্ধান্ত ইউরোপজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই ঘটনাকে কড়া ভাষায় সমালোচনা করে বলেছে, ‘এটি একটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘটনা।’
তদন্তের পরিধি
ইউরোপীয় পার্লামেন্ট ফিফা বিশ্বকাপ ২০২৬-এর একাধিক ম্যাচে ফিফা ও রেফারি বিতর্ক, খেলার ফলাফলে রাজনৈতিক চাপ, স্পন্সর ইস্যু ইত্যাদি বিষয় খতিয়ে দেখবে বলে জানা গেছে।



