কুমিল্লায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ নিয়ে বাগ্বিতণ্ডায় অটোরিকশাচালক নিহত
কুমিল্লায় ফুটবল ম্যাচ নিয়ে বাগ্বিতণ্ডায় অটোরিকশাচালক নিহত

কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিসরের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে বাগ্বিতণ্ডা ও মারধরের ঘটনায় শরিফুল ইসলাম (৩৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ধনপুর এলাকার মহসিন মিয়ার দোকানে একদল দর্শক আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচটি দেখছিলেন। সেখানে অটোরিকশাচালক শরিফুলও উপস্থিত ছিলেন। খেলা চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শরিফুলের সঙ্গে কয়েকজনের বাগ্বিতণ্ডা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। শরিফুলকে কিল-ঘুষি মারা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

হাসপাতালে নেওয়া ও মৃত্যু

পরে শরিফুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, 'প্রাথমিকভাবে জানা গেছে, খেলা নিয়ে এলাকার কয়েকজন তরুণের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।' তিনি আরও বলেন, স্বজনেরা এলে মামলা হবে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নিহতের পরিচয়

নিহত শরিফুল ইসলাম কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুষ্করিণী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমর্থকদের বিভ্রান্তি

পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে, নিহত ব্যক্তি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তবে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ দাবি করছেন, তিনি মূলত ব্রাজিলের সমর্থক এবং গতকালের ম্যাচে তিনি মিসরের পক্ষে ছিলেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে জানতে ওই দোকানির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।