ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে এখনও টিকে আছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে শীর্ষে ওঠার আশা টিকিয়ে রাখতে এখন সিটি কোচের চোখ ওয়েস্ট হামের দিকে।
ম্যাচ শেষে গার্দিওলার বার্তা
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিটি কোচের কণ্ঠে শোনা গেলো, ‘কাম অন ইউ আয়রনস!’ বোঝাই যাচ্ছে আর্সেনালকে হারাতে ওয়েস্ট হামের আনুকূল্য প্রার্থনা করছেন তিনি। রবিবার ওয়েস্ট হামের মাঠে খেলতে নামবে আর্সেনাল। তাই দলটির কাছ থেকে সহায়তা প্রত্যাশা করছেন গার্দিওলা, যাতে গানাররা পয়েন্ট হারায়।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে জেরেমি ডোকু, অ্যার্লিং হাল্যান্ড ও ওমর মারমুশের গোলে জয় পায় সিটি। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে দুই পয়েন্টে এনেছে গার্দিওলার দল।
সংবাদ সম্মেলন শেষে ওয়েস্ট হাম সমর্থকদের স্টাইলে দুই হাত বুকের ওপর ক্রস করে গার্দিওলা বলেছেন, ‘কাম অন ইউ আয়রনস।’
শিরোপা লড়াই নিয়ে গার্দিওলা
এর আগে শিরোপা লড়াই নিয়ে প্রশ্নের জবাবে সিটি কোচ বলেন, ‘আমরা এমন একটি দলের সঙ্গে লড়ছি, যারা কোনো ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে এবং পুরো মৌসুমজুড়েই লিগের শীর্ষে ছিল।’
তার পরেই তার কথা, ‘এখন আর কোনও কিছু আমাদের হাতে নেই। ওদের পয়েন্ট হারানোর ওপরই নির্ভর করছে। তবে আমি এটা উপভোগ করছি। আবারও শিরোপা লড়াইয়ে থাকতে পারাটা দারুণ লাগছে।’
সিটির কঠিন সূচি
ব্রেন্টফোর্ডকে হারানোর পরও সিটির সামনে কঠিন সূচি অপেক্ষা করছে। তাদের খেলতে হবে ক্রিস্টাল প্যালেস, বোর্নমাউথ ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। অন্যদিকে আর্সেনালের প্রতিপক্ষ ওয়েস্ট হাম, বার্নলি ও প্যালেস।



