বিশ্বকাপ ফুটবল ২০২৬: স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করল ফিফা
বিশ্বকাপ ২০২৬: স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করল ফিফা

ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে অংশগ্রহণকারী দেশগুলো ব্যস্ত সময় পার করছে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, মোহাম্মদ সালাহ—বড় কোনো দুর্ঘটনা না ঘটলে এই ফুটবলাররা বিশ্বকাপে খেলবেন, সেটি প্রায় সবারই জানা। তবে নেইমার, এস্তেভাও, ক্রিশ্চিয়ান রোমেরোসহ বেশ কিছু ফুটবলার দলে জায়গা পাচ্ছেন কি না, সেটা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। কিন্তু ৪৮টি দলের স্কোয়াড কবে জানা যাবে?

ফিফার ঘোষিত সময়সূচি

বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়সূচি প্রকাশ করেছে ফিফা। আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে সব দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে। তবে চাইলে জাতীয় দলগুলো এর আগেই নিজেদের দল ঘোষণা করতে পারবে, যদিও ফিফা কর্তৃক নিশ্চিত না হওয়া পর্যন্ত সেগুলো অফিশিয়াল হিসেবে গণ্য হবে না।

প্রাথমিক তালিকা জমা দেওয়ার প্রক্রিয়া

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের আসর। এর ঠিক এক মাস আগে থেকেই প্রাথমিক দল জমা দেওয়ার কাজ শুরু হবে। তবে কৌতূহলীদের জন্য দুঃখজনক খবর হচ্ছে, এই প্রাথমিক দলে কোন দেশ কাকে রেখেছে, সেটি পুরোপুরি তারা জানতে পারবেন না, যদি না সংশ্লিষ্ট দেশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। দলগুলোকে ১১ মের মধ্যে ফিফার কাছে একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। এই দলে সর্বনিম্ন ৩৫ জন থেকে সর্বোচ্চ ৫৫ জন খেলোয়াড় রাখা যাবে। প্রাথমিক দলে বাধ্যতামূলকভাবে চারজন গোলকিপার রাখতে হবে। এই লম্বা তালিকাটি টুর্নামেন্টের জন্য যোগ্য খেলোয়াড়দের দাপ্তরিক পুল হিসেবে কাজ করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খেলোয়াড় পরিবর্তনের নিয়ম

নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হলে অবশ্যই এই তালিকা থেকেই নিতে হবে। প্রাথমিক তালিকাটি দলগুলো চাইলে প্রকাশ করতে পারবে, তবে ফিফা এটি প্রকাশ করবে না। কারণ, বিশেষ ক্ষেত্রে এবং চূড়ান্ত তালিকা জমা দেওয়ার আগপর্যন্ত প্রাথমিক তালিকায় পরিবর্তন আনার সুযোগ আছে।

চূড়ান্ত তালিকা জমা দেওয়ার সময়

জাতীয় দলগুলো ২৫ মে থেকে ১ জুনের মধ্যে ফিফার কাছে বিশ্বকাপের চূড়ান্ত খেলোয়াড় তালিকা জমা দেবে। এই দলে সর্বনিম্ন ২৩ জন এবং সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় রাখা যাবে। চূড়ান্ত দলে অবশ্যই তিনজন গোলরক্ষক থাকতে হবে। ফিফা জানিয়েছে যে দলগুলো তাদের প্রথম ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে গুরুতর আঘাত বা অসুস্থতার কারণে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে, তবে সেই খেলোয়াড়ের নাম অবশ্যই প্রাথমিক তালিকায় থাকতে হবে। প্রাথমিকে না থাকা কেউ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন না।