বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও থানায় হেনস্তা করা হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তামিম ইকবালের বিবৃতি
আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।’
এরপরই তামিম ইকবাল লিখেছেন, ‘বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজ সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে, সবকিছু করবো আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।’



