রিয়াল মাদ্রিদে ভালভের্দে-চুয়ামেনি হাতাহাতি, এল ক্লাসিকো মিস করবেন উরুগুইয়ান তারকা
রিয়াল মাদ্রিদে ভালভের্দে-চুয়ামেনি হাতাহাতি, এল ক্লাসিকো মিস

রিয়াল মাদ্রিদের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে ও ফরাসি মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনির মধ্যে অনুশীলনে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের অনুশীলন চলাকালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে, যার জেরে ভালভের্দেকে হাসপাতালে যেতে হয়েছে। শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই খেলোয়াড়ের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ঘটনার বিবরণ

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে প্রথম দলের অনুশীলন চলাকালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে খেলোয়াড় ফেদেরিকো ভালভের্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।’ ভালভের্দের মাথায় আঘাত লেগেছে, এবং স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, সুস্থ হয়ে উঠতে তাঁকে ১০ থেকে ১৪ দিন বিশ্রামে থাকতে হবে। ফলে বাংলাদেশ সময় আগামী রোববার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’য় খেলতে পারবেন না উরুগুয়ে তারকা। এই ম্যাচ জিতলেই লিগ শিরোপা জয় নিশ্চিত হবে বার্সার।

ভালভের্দের বিবৃতি

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিবৃতি দিয়েছেন ভালভের্দে। তিনি বলেন, ‘অনুশীলনে আমার ও এক সতীর্থের মধ্যে একটি ঘটনা ঘটে। প্রতিযোগিতার চাপ আর ক্লান্তি থেকেই আসলে ছোট বিষয়টি বড় হয়ে গিয়েছিল। ড্রেসিংরুমগুলোতে এমন ঘটনা অহরহ ঘটে এবং তা নিজেদের মধ্যেই সমাধান হয়ে যায়। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কেউ একজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবরটি দ্রুত ছড়িয়ে দিচ্ছে। যেহেতু রিয়াল মাদ্রিদ এখন শিরোপাশূন্য মৌসুম পার করছে এবং সব সময় আতশি কাচের নিচে থাকে, তাই তিলকে তাল করা হচ্ছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভালভের্দে আরও জানান, ‘আজ আমাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে অসাবধানতাবশত একটি টেবিলের কোনায় আমার মাথায় আঘাত লাগে। এতে কপালে সামান্য কেটে যাওয়ায় নিয়ম মেনে হাসপাতালে যেতে হয়। আমার সতীর্থ আমাকে কখনোই আঘাত করেনি, আমিও তাকে মারিনি। তবে আমি বুঝতে পারছি, আমাদের মধ্যে হাতাহাতি হয়েছে বা এটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল—এমনটা বিশ্বাস করা আপনাদের জন্য অনেক সহজ। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি।’

শাস্তিমূলক ব্যবস্থা ও উত্তেজনা

ঘটনার পর রিয়াল মাদ্রিদ বিভাগীয় তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভালভের্দেকে মাদ্রিদের ভালদেবেবাস অনুশীলন কমপ্লেক্সের কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাঁর মুখে সেলাই দিতে হয়েছে। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এখন ‘ভালো অবস্থা’য় আছেন।

সংবাদমাধ্যমের দাবি, গত বুধবার থেকে দুই খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটি চলছিল, যা বৃহস্পতিবারের অনুশীলনে রেশ ধরে রাখে। ‘মার্কা’ জানিয়েছে, চুয়ামেনি ঘুষি মারেননি; বরং তর্কের সময় অসাবধানতাবশত ভালভের্দে চোট পান। তবে শোনা যাচ্ছে, অনুশীলনের সময় চুয়ামেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভালভের্দে, পরে ড্রেসিংরুমে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

রিয়ালের বর্তমান অবস্থা

টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা না জেতার শঙ্কায় রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। লা লিগায় বর্তমানে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রিয়াল। ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। লিগে দুই দলই আর চারটি করে ম্যাচ খেলবে। এই পরিস্থিতিতে এল ক্লাসিকো জিততে পারলেই বার্সার শিরোপা জয় নিশ্চিত হবে।