বিতর্কে বৈভব সূর্যবংশী: আইপিএল খেলাকে ‘শিশুশ্রম’ বললেন সমাজকর্মী
আইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ে আলোচিত তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবার বিতর্কের কেন্দ্রে। কর্ণাটকের সমাজকর্মী সি এম শিবকুমার নায়েক অভিযোগ করে বলেছেন, মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের মতো পেশাদার টুর্নামেন্টে খেলানো শিশুশ্রমের শামিল। তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।
শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় শিবকুমার বলেন, ‘একজন ১৫ বছর বয়সী কিশোরকে বাণিজ্যিক ক্রিকেট লিগে খেলানো শিশু অধিকার লঙ্ঘনের উদাহরণ। তার মতে, এই বয়সে পেশাদার ক্রিকেটের বদলে সূর্যবংশীর পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের ইচ্ছা প্রকাশ করেন তিনি।
শিবকুমার আরও বলেন, ‘এত কম বয়সে একজন অপ্রাপ্তবয়স্ককে আইপিএলের মতো প্রতিযোগিতামূলক মঞ্চে নামানো ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতিবাচক বার্তা বহন করে।’ তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন বলে উল্লেখ করেন।
সূর্যবংশীর আইপিএল ক্যারিয়ার
অন্যদিকে, বৈভব সূর্যবংশী ইতোমধ্যেই আইপিএলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে টুর্নামেন্টে অভিষেকের পর থেকেই তিনি বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কাড়েন। গত দুই মৌসুমে ১৭ ম্যাচে ৬৫৬ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। তার গড় ৩৮.৫৯ এবং স্ট্রাইক রেট ২২৪-এর বেশি।
২০২৫ আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাস গড়েন সূর্যবংশী। পরের মৌসুমেও একই ধারাবাহিকতা ধরে রেখে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৭ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
আন্তর্জাতিক ক্যারিয়ার ও আইসিসির নিয়ম
শুধু আইপিএল নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও উজ্জ্বল ছিলেন তিনি। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন এবং টুর্নামেন্টসেরা নির্বাচিত হন।
তবে আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে খেলোয়াড়ের ন্যূনতম বয়স ১৫ বছর হতে হবে। যদিও এই নিয়ম শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য; ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য তা বাধ্যতামূলক নয়। আইপিএল কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।



