যানজটে আটকে ক্রিকেটাররা, দেরিতে শুরু খেলা
যানজটে আটকে ক্রিকেটাররা, দেরিতে শুরু খেলা

ঢাকা প্রিমিয়ার লিগে আবারও যানজটের কারণে খেলা শুরু হতে দেরি হলো। আজ নির্ধারিত সময়ের আধঘণ্টা পর শুরু হয়েছে ঢাকা লেপার্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি। দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালরা পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (পিকেএসপি) যাওয়ার পথে জ্যামে আটকে পড়েছিলেন।

যানজটের কারণ

পূর্বাচল হয়ে পিকেএসপির মাঠে যাওয়ার পথে কাঞ্চন ব্রিজে উন্নয়নকাজ চলছে। মূল সড়ক বন্ধ করে অন্য একটি পথ দিয়ে যেতে হচ্ছে গাড়িগুলোকে, তাতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এ জন্য কয়েক ঘণ্টা সময় বেশি লাগছে।

আগের ঘটনা

বিসিবির ঢাকা প্রিমিয়ার লিগে এসব ঘটনা নতুন নয়। দুই বছর আগেও প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল জ্যামের কারণে। সাভারের বিকেএসপিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গিয়েছিল গাড়ির চাকা। শেখ জামাল–লিজেন্ডস অব রূপগঞ্জ আর প্রাইম ব্যাংক–পারটেক্সের ম্যাচটি পিছিয়ে দিতে হয়েছিল এক দিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিসিডিএমের বক্তব্য

প্রিমিয়ার লিগ আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমের কো–অর্ডিনেটর মোহাম্মদ সেলিম বলেন, ‘ম্যাচটা আধঘণ্টা পর শুরু হয়েছে। খেলাও পুরো ৫০ ওভার হবে। পূবেরগাঁওয়ে যেতে অনেক সময় লেগে গেছে।’

অন্যান্য ম্যাচের অবস্থা

আজ নির্ধারিত সময় সকাল নয়টায় খেলা শুরু হয়েছে কেবল বিকেএসপির দুটি মাঠে। আগের দিন যে মাঠে ঠিক সময়ে খেলা শুরু করা গিয়েছিল, সেই পিকেএসপিতে আজ জ্যামের কারণে ঠিক সময়ে ক্রিকেটাররা পৌঁছাতে না পারায় খেলা শুরু হয় দেরিতে। সকাল সাড়ে ১০টায় যখন এ প্রতিবেদন লেখা হচ্ছে, তখনো ভেজা আউটফিল্ডের কারণে ইউল্যাব মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংকের ম্যাচ এবং ক্রিকেটার্স একাডেমিতে আবাহনী ও সিটি ক্লাবের ম্যাচটি শুরু করা যায়নি। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মোহামেডান–ব্রাদার্সের ম্যাচও শুরু হয়েছে নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ