আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতের প্রভাব নিয়ে নতুন করে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলেও বিশ্ব ক্রিকেটে ক্ষমতার ভারসাম্য আসেনি।
ভারতের বাণিজ্যিক শক্তি
‘দ্য গার্ডিয়ান’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে হারমার বলেছেন, ‘ভারতের বাণিজ্যিক শক্তির কারণে যাবতীয় ক্ষমতাও তাদের হাতে রয়েছে। বিসিসিআই নিয়ন্ত্রণ করে আইসিসিকে। কিন্তু আমরা কী করতে পারি? ক্রিকেটার হিসেবে যা নিয়ন্ত্রণে আছে সেটুকুই নিয়ন্ত্রণ করতে পারি। বেশি বেশি ট্রফি জিতলে হয়তো এটার বদল হতে পারে।’
দক্ষিণ আফ্রিকার সাফল্য
গত বছর ভারতের মাটিতে ২-০ টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে ভালো খেলেছিলেন হারমার। এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছিল তার দল। হারমারের মতে, তারা দল হিসেবে পারফর্ম করছে, কোনো একজনের ওপর নির্ভর নয়।
হারমার বলেন, ‘আমাদের দলে হয়তো কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছে। তবে তাদের চেয়ে দল বড়। যদি কেউ খারাপ খেলে তাহলে কোচ শুকরি কনরাড সরাসরি তাকে জবাবদিহি করতে পারে। এটা আমার খুব ভালো লাগে। যদিও আমাকে এর মুখোমুখি হতে হয়নি খুব একটা।’
ইংল্যান্ডের স্পিনারদের প্রসঙ্গ
প্রোটিয়া এই স্পিনার ইংল্যান্ডের বোলারদের নিয়েও কথা বলেছেন। ইংলিশ স্পিনারদের প্রসঙ্গে তার ব্যাখ্যা, ‘ইংল্যান্ডে স্পিনারদের সমান চোখে দেখা হয় না। এমন নয় যে প্রতিভার অভাব রয়েছে। ১৮টি কাউন্টি দল রয়েছে। তার মধ্যে কতগুলোতে স্পিন বোলিং কোচ রয়েছে? বড়জোর ২-৩টি হবে। এটা বাড়ানো প্রয়োজন।’



