ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফক্স স্পোর্টস এবং চাকরির প্ল্যাটফর্ম ইনডিড এক অভিনব উদ্যোগ নিয়েছে। তারা এমন একজন ফুটবলপ্রেমী খুঁজছে, যিনি টুর্নামেন্টের সবকটি ১০৪টি ম্যাচ দেখবেন। এই 'স্বপ্নের চাকরি'র জন্য পারিশ্রমিক ধার্য করা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকার সমতুল্য।
কী কী দায়িত্ব?
নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষভাবে নির্মিত একটি কাচের কিউবে বসে ফক্স ওয়ান প্ল্যাটফর্মে প্রতিটি ম্যাচের প্রতিটি মুহূর্ত অনুসরণ করতে হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কনটেন্ট তৈরি ও শেয়ার করতে হবে, যাতে আশপাশ দিয়ে যাওয়া হাজারো পর্যটক ও পথচারী এক অনন্য লাইভ উৎসবের অংশ হতে পারেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা ইনডিড-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ৬ জুন একটি বেসবল ম্যাচ চলাকালে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রতিষ্ঠান দুটি এটিকে 'এই মৌসুমের সেরা চাকরি' হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে, শুধু সেই উৎসাহী ভক্তই এই সুযোগ পাবেন, যিনি জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা নিতে সম্পূর্ণ প্রস্তুত।
বিশ্বকাপ ২০২৬
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে এই বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত হবে। বিশ্বকাপ উপভোগ করতে গেলে সাধারণত পকেট ভারি থাকা জরুরি; ভ্রমণ, টিকিট আর থাকা-খাওয়ার খরচ মিলিয়ে বিশাল অঙ্ক চলে যায়। তবে এই চাকরির মাধ্যমে একজন ভাগ্যবান ভক্ত সব খেলা দেখার পাশাপাশি মোটা অঙ্কের অর্থও পাবেন।



