ভারতের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক নির্বাচক সলিল আঙ্কোলা পুনের একটি পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হয়েছেন। তিনি তীব্র বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সলিলের পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসা নেওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী রিয়া আঙ্কোলা।
মায়ের মৃত্যুতে মানসিক বিপর্যয়
৫৮ বছর বয়সী সলিল ভারত জাতীয় দলের হয়ে ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে একটি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছিলেন। সর্বশেষ ২০২৪ সালে ছিলেন ভারত জাতীয় দলের নির্বাচকও। তাঁর স্ত্রী রিয়া আঙ্কোলা জানান, ২০২৪ সালের অক্টোবরে সলিলের মা মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মায়ের চলে যাওয়ার শোক সামলে উঠতে না পেরে তিনি ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছিলেন।
রিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘সলিল যখন বুঝতে পারলেন তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং বারবার অসুস্থ হচ্ছেন, তখন নিজেই একটি ভালো জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।’
পরিবারের আশা ও সমর্থন
পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগে সলিল পুনর্বাসনকেন্দ্রে যাওয়ায় পরিবার খুশি বলে উল্লেখ করেন রিয়া। বর্তমানে সাবেক এই ক্রিকেটার সুস্থ হওয়ার অবস্থায় আছেন এবং নিয়মিত শরীরচর্চা করছেন। রিয়া বলেন, ‘ক্রিকেট তার প্রথম ভালোবাসা, সেখানেই ফিরবে সে। একজন লড়াকু মানসিকতার মানুষ হিসেবে ওর মধ্যে ঘুরে দাঁড়ানোর প্রবণতা আছে। আমরা পরিবারের সদস্য ও তার বন্ধুরা পাশে আছে।’
ক্রিকেট ক্যারিয়ার ও পরবর্তী জীবন
১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে শচীন টেন্ডুলকারের সঙ্গে একই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সলিল আঙ্কোলার। বাঁ পায়ের হাড় বা ‘শিন’-এ টিউমার ধরা পড়ায় মাত্র ২৯ বছর বয়সেই ক্রিকেট থেকে সরে যেতে হয় তাঁকে। ভারতের ঘরোয়া ক্রিকেটে মুম্বাই ও মহারাষ্ট্রের হয়ে ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৮১টি উইকেট শিকার করেছেন তিনি।
খেলা ছাড়ার পর কয়েকটি চলচ্চিত্র ও টিভি সিরিয়ালে অভিনয় করেন সলিল। ব্যস্ততা বাড়ান ক্রিকেটেও। আইপিএলে ধারাভাষ্যের পাশাপাশি ২০২১-২৩ মেয়াদে ছিলেন মুম্বাইয়ের প্রধান নির্বাচক। পরে হন জাতীয় দলের নির্বাচকও।



