ঈদুল ফিতরের দিন নির্ধারণ: চাঁদ দেখা ও উৎসবের প্রস্তুতি
আজ ২৯ রমজান শাওয়াল মাসের চাঁদ দেখা দিলে আগামীকাল শুক্রবার সমগ্র বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা না দিলে পরের দিন শনিবার পালিত হবে এই মহান উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সমাগত এই ঈদ শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের এক গভীর পরীক্ষা হিসেবে বিবেচিত হয়।
ঈদের আধ্যাত্মিক তাৎপর্য ও সামাজিক দায়িত্ব
ঈদুল ফিতরের শাব্দিক অর্থ রোজা ভঙ্গের আনন্দ, যা বাহ্যিকের চেয়ে আধ্যাত্মিকভাবে গভীরভাবে উপলব্ধির বিষয়। পূর্ণ এক মাস সিয়াম সাধনের পর একজন মোমিন-মুসলমান সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যান, পাপের ভার থেকে মুক্তিলাভের এই আনন্দ অপরিসীম। ঈদগাহে দুই রাকায়াত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে নিজেকে নিবেদন করতে হয়।
এছাড়া, ঈদুল ফিতরের আরেক সার্থকতা নিহিত আছে সাদকাতুল ফিতর বা ফিতরা প্রদানের মধ্যে। এটি ঈদগাহে সালাত আদায়ের পূর্বেই দান করতে হয়, যাতে অসহায় ও গরিব-দুঃখী মানুষ ঈদের আনন্দে শরিক হতে পারে। ইসলামের এই নির্দেশ আমাদের স্মরণ করিয়ে দেয় যে, বিত্তবানের আমোদ-প্রমোদ যেন কখনো দরিদ্রের দীর্ঘশ্বাসের কারণ না হয়। প্রকৃত সুখ বিলিয়ে দেওয়ার মধ্যেই নিহিত, কেননা একাকী ভোগে কোনো তৃপ্তি নেই।
বর্তমান প্রেক্ষাপটে ঈদের আহ্বান
বিগত কয়েক বছরের বৈশ্বিক অস্থিরতা, অর্থনৈতিক টানাপড়েন এবং বর্তমানে ইরান যুদ্ধসহ বিভিন্ন দেশের অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে কণ্টকাকীর্ণ করে তুলেছে। যুদ্ধের কারণে নতুন করে স্বাভাবিক জীবনযাপনে শঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় এবারের ঈদ ধৈর্য, সংযম ও সংবেদনশীলতার হওয়া উচিত। অপচয় বর্জন করে প্রতিবেশী ও আর্তমানবতার সেবায় সচেষ্ট হতে হবে।
ঈদগাহের ময়দানে যখন সকল ভেদাভেদ ভুলে ধনী-দরিদ্র নির্বিশেষে কাতারবন্দি হয়ে দাঁড়ায়, তখন সেই সাম্যের শিক্ষা কেবল প্রার্থনার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে আমাদের প্রাত্যহিক আচরণে এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনুপম লীলাভূমি, যেখানে যুগে যুগে সকল ধর্মের উৎসব সর্বজনীন রূপ পেয়েছে। হিংসা, বিদ্বেষ ও অসহিষ্ণুতা পরিহার করে একটি শান্তিময় ও সমৃদ্ধিশালী দেশ গড়ে তোলাই এবারের ঈদের অঙ্গীকার হওয়া উচিত।
ঈদের যাত্রা ও শুভেচ্ছা
ঈদ মানেই ফিরে যাওয়া—শিকড়ের টানে, স্বজনের সান্নিধ্যে। নাড়ির টানে ঘরমুখী মানুষের এই যাত্রা যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সেইদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো আন্তরিকতা ও সজাগ দৃষ্টি কাম্য। পরিশেষে, জগতের সকল মানুষের প্রতি শান্তি ও কল্যাণ বর্ষিত হোক। সকলের জীবনে ঈদ বহিয়ে আনুক অনাবিল প্রশান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি।
আমাদের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক। হাদিসের ভাষায়—তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমলগুলি কবুল করুন। আমিন।



