ঈদ যাত্রায় ভোগান্তি: আনন্দের মাঝে দুর্ঘটনার ছায়া
ঈদুল ফিতর বাংলাদেশের জাতীয় জীবনে আনন্দ, সম্প্রীতি ও মিলনের এক অনন্য উৎসব হিসেবে আবির্ভূত হয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিনটি আত্মিক প্রশান্তি ও পারিবারিক মেলবন্ধনের এক অপূর্ব সুযোগ নিয়ে আসে। কিন্তু দুঃখজনকভাবে, প্রতি বছর ঈদ ঘনিয়ে এলে দেশের সড়ক-মহাসড়ক, রেলপথ ও নৌপথগুলিতে চরম ভোগান্তির মেঘ ঘনীভূত হয়। লাখো-কোটি মানুষ যখন প্রিয়জনের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে রাজধানী বা বৃহৎ শহরগুলি থেকে গ্রামে ফিরতে উদ্যত হন, তখন অস্বাভাবিক যাত্রীচাপে স্বাভাবিক যাত্রাপ্রবাহ ভোগান্তিপূর্ণ হয়ে ওঠে।
মর্মান্তিক দুর্ঘটনা ও অতীতের স্মৃতি
উৎসবের এই আনন্দযাত্রাকে অনেক সময় ম্লান করে দেয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মহাসড়কে দীর্ঘ যানজট, যানবাহনের বেপরোয়া গতি, অতিরিক্ত যাত্রী বহন এবং ফিটনেসবিহীন যানবাহনের চলাচল এর জন্য দায়ী। উদাহরণস্বরূপ, ১২ মার্চ বাগেরহাট-মোংলা সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪টি তাজা প্রাণ ঝরে পড়েছে। উৎসবকালে এইরূপ হতাহত কোনোভাবেই কাম্য হতে পারে না। কয়েক বছর পূর্বে অবশ্য অবস্থা আরো নাজুক ছিল। বিশেষত, পদ্মা সেতু চালুর পূর্বে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াতের প্রধান ভরসা ছিল ফেরিঘাট। ঈদকে সামনে রেখে তখন মাওয়া ও পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হতো; অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা, কখনো কখনো-বা দিন পার করেও অপেক্ষা করতে হতো। সেই দুর্ভোগ ছিল ঈদ যাত্রার এক তিক্ত স্মৃতি।
সাম্প্রতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ
তবে সাম্প্রতিক বছরগুলিতে অবকাঠামোগত উন্নয়ন ও কানেকটিভিটি এবং সড়ক ব্যবস্থাপনায় তুলনামূলক অগ্রগতির ফলে ঈদ যাত্রা ক্রমশ স্বস্তিদায়ক হয়ে উঠছে। আমাদের অতীত অভিজ্ঞতা এই বাস্তবতাকে স্পষ্ট করে দেয় যে, কার্যকর কর্মপরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগ থাকলে পথযাত্রা ভোগান্তিমুক্ত করা সম্ভব। আর সেই জন্য উৎসবকালে সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে অস্থায়ী ব্যবস্থাপনার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
নিরাপদ যাত্রার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ
যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ, দক্ষ চালক নিয়োগ, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং সড়ক-মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক। রেল ও নৌপরিবহন ব্যবস্থাকে কীভাবে উত্তরোত্তর কার্যকর ও যাত্রীবান্ধব করে তোলা যায়, উহাও দৃষ্টিপাতযোগ্য। এই ধরনের উদ্যোগ সড়কপথের উপর থেকে অতিরিক্ত চাপ কিছুটা হলেও লাঘব করে ভোগান্তিহীন যাত্রা নিশ্চিতে সহায়ক হবে। বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে টিকিটসংক্রান্ত অনিয়ম, দালাল চক্রের দৌরাত্ম্য এবং অতিরিক্ত ভাড়ার অভিযোগের কথা প্রতিবারই শোনা যায়। এই সকল অনিয়ম বন্ধে প্রযুক্তিনির্ভর টিকিটব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতসহ কঠোর নজরদারির কোনো বিকল্প থাকতে পারে না।
নাগরিক দায়িত্ব ও সম্মিলিত প্রচেষ্টা
পাশাপাশি যাত্রাপথে শৃঙ্খলা মানিয়া চলা, অতিরিক্ত ভিড় বা ঝুঁকিপূর্ণ যাত্রা পরিহার করা এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা প্রত্যেকের অবশ্য কর্তব্য। মনে রাখতে হবে, নিরাপদ যাত্রা নিশ্চিত করার ক্ষেত্রে 'ব্যক্তিসচেতনতা' একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ঈদ আনন্দের, মিলনের এবং মানবিক বন্ধনের উৎসব। এই আনন্দযাত্রা যেন কোনোভাবেই দুর্ভোগ বা শোকের কারণ হয়ে না উঠে, তাহা নিশ্চিত করা রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজসহ সকলের সম্মিলিত দায়িত্ব। প্রতি বছর ঈদ উপলক্ষ্যে কোটি মানুষ সড়কে চলাচল করে-ইহা নিঃসন্দেহে ব্যাপক ও বিস্তৃত ব্যবস্থাপনার দাবি রাখে। তবে সময়োপযোগী পরিকল্পনা, কঠোর নজরদারি এবং সর্বোপরি নাগরিক সচেতনতার সমন্বয় ঘটলে উৎসব যাত্রা নিঃসন্দেহে নিরাপদ ও ভোগান্তিমুক্ত ঈদ যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।
