রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত
রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে বুদ্ধপূর্ণিমা উদযাপিত

রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) ভোর থেকে এ উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা

এদিন সকালে পার্বত্য ভিক্ষুসংঘ, বাংলাদেশ এর উদ্যোগে রাঙামাটি শহরের প্রধান সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রায় বুদ্ধ পতাকা সহকারে বৌদ্ধ ভিক্ষু ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

ত্রিস্মৃতিবিজড়িত তিথি

আজ থেকে আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমা তিথিতে তথাগত ভগবান মহামানব গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। তাই প্রতিবছর ত্রিস্মৃতিবিজড়িত এ তিথিকে শুভ বুদ্ধপূর্ণিমা হিসাবে পালন করেন বৌদ্ধ সম্প্রদায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিনব্যাপী কর্মসূচি

এ উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী ধর্মীয় নানা কর্মসূচি পালিত হয়েছে। রাঙামাটি রাজবন বিহারে ভোরে কেক কাটা হয়। এরপর বুদ্ধ পতাকা সহকারে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করে রাজবন বিহার এলাকা প্রদক্ষিণ করা হয়। পরে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, পিন্ডদান, বুদ্ধমূর্তিদান, পঞ্চশীল প্রার্থনা, শীল পালন, সংঘদান, অষ্টপরিষ্কারদান, হাজারবাতিদান, ধর্মীয় দেশনা অনুষ্ঠিত হয়। বিকালে সূত্রপাঠ ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।

পুণ্যার্থীদের সমাগম

অনুষ্ঠানে রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের কর্মকর্তা ও সদস্যসহ অগণিত পুণ্যার্থীর সমাগম ঘটে। এ সময় রাজবন বিহার আবাসিক ভিক্ষুপ্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের, ভদন্ত জ্ঞানপ্রিয় মহাথেরসহ অন্য বৌদ্ধভিক্ষুরা উপস্থিত পুণ্যার্থীদের মাঝে ধর্মীয় দেশনা দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ