কানাডার টরন্টোর বুক চিরে যেন এক টুকরো বাংলাদেশ নেমে এসেছিল ডেনফোর্থের রাজপথে। রোববার দুপুর ১২টা থেকে বাংলাপাড়াখ্যাত ডেনফোর্থে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি ডেনফোর্থ এলাকার ডেন্টোনিয়া পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মেট্রো পার্কিং লটে গিয়ে জড়ো হয়। এরপর ডেনফোর্থ অ্যাভিনিউ ধরে ফার্মেসি অ্যাভিনিউ প্রদক্ষিণ করে পুনরায় মেট্রো পার্কিং লটে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ঢোলের তালের সঙ্গে নানা রঙের মুখোশ ও বৈশাখী গানের মূর্ছনা পুরো এলাকায় এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। এতে কয়েক শতাধিক প্রবাসী বাঙালির পাশাপাশি স্থানীয় এমপি স্মিথার ম্যান এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিনিধিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিদেশের মাটিতেও শেকড়ের টানে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই মঙ্গল শোভাযাত্রাকে দিয়েছে ভিন্ন মাত্রা।
এর আগে বাংলাটাউনের উদ্যোগে পান্তা উৎসব, টরন্টো ফিল্ম ফোরামে বৈশাখী উৎসব, বাংলাদেশ সেন্টারে বর্ষবরণ এবং দুর্গাবাড়ি মন্দিরে রঙিলা বৈশাখের আয়োজন করা হয়। এছাড়াও অটোয়া, মন্ট্রিয়ল, ক্যালগারি ও ভ্যাঙ্কুভারেও আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।



