পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময় নিরবচ্ছিন্ন সেবা দিয়ে প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল। এ সময়ে যাত্রীদের সুবিধার্থে নিয়মিত ট্রেন চলাচলের পাশাপাশি অতিরিক্ত ট্রেনও প্রস্তুত রাখা হয়েছিল।
ডিএমটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তি
বুধবার (৩ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঈদের আগে ও পরে নিরবচ্ছিন্ন সেবা
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে ও পরে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মেট্রোরেল নিরবচ্ছিন্ন সেবা দেওয়া হয়েছে। এ সময় ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে নির্ধারিত হেডওয়ে অনুযায়ী প্রতিদিন ১৪০টি ট্রিপ পরিচালনা করা হয়।
অতিরিক্ত ট্রেন ও পরিচ্ছন্নতা কার্যক্রম
যাত্রী চাহিদা বেড়ে গেলে তাৎক্ষণিকভাবে ট্রিপ সংখ্যা বাড়ানোর লক্ষ্যে ১০টি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছিল। একইসঙ্গে সরকারি ছুটির মধ্যেও ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেছেন। এছাড়া মেট্রোরেল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।
কৃতজ্ঞতা প্রকাশ
সুষ্ঠু, নিরাপদ ও নিরবচ্ছিন্ন মেট্রোরেল পরিচালনায় সহযোগিতা করায় যাত্রী ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডিএমটিসিএল।



