৭৭ হাজার ৪৩২ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন
৭৭ হাজার ৪৩২ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে

এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (২২ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য জানান।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী

হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৪৬৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭২ হাজার ৯৬৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন। হজ বুলেটিনে বলা হয়েছে, প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিমানের পাশাপাশি আরও দুটি এয়ারলাইন্সের মাধ্যমে ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এয়ারলাইনভিত্তিক হজযাত্রী সংখ্যা

এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত্যু ও চিকিৎসা

হজ বুলেটিন অনুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ছয়জন নারী। এসব হজযাত্রীদের ১৪ জন মক্কায় এবং সাতজন মদিনায় মারা গেছেন। বুলেটিনে বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জন হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে। আর আইটি হেল্পডেস্ক ২০ হাজার ২৮৮ জনকে সেবা দিয়েছে।

হজ কোটা ও এজেন্সি

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কোটা ৭৩ হাজার ৯৩৫ জন। মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম হজ ফ্লাইট ও হজের তারিখ

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১ টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন পর্যন্ত তা চলবে।