আফগানিস্তানে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং সোমবার থেকে শুরু হবে জিলহজ মাস। সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, শনিবার (১৬ মে) সন্ধ্যায় দেশজুড়ে চাঁদ অনুসন্ধান করা হলেও কোথাও জিলহজের চাঁদ দেখা যায়নি। এ তথ্য রোববার (১৭ মে) নিশ্চিত করেছে আফগানিস্তানের সুপ্রিম কোর্ট।
আফগানিস্তানে ঈদুল আজহার তারিখ
সে হিসেবে আফগানিস্তানে আগামী ২৬ মে আরাফাতের দিন পালিত হবে এবং ২৭ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আফগানিস্তান সাধারণত আধুনিক প্রযুক্তির পরিবর্তে স্থানীয়ভাবে খালি চোখে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতি অনুসরণ করে থাকে।
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আজ রোববার জিলহজ মাসের চাঁদ দেখা হবে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানেও একই প্রস্তুতি নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আজ সন্ধ্যায় পশ্চিম আকাশে অর্ধচন্দ্র দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদ দেখা গেলে আজই হজ ও ঈদের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে সৌদি কর্তৃপক্ষ। চাঁদ দেখা গেলে সৌদি আরবে আগামী ২৬ মে হজ এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।
সৌদি সুপ্রিম কোর্টের আহ্বান
এর আগে ১৫ মে সৌদির সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানায়। আদালত জানায়, ১৭ মে জিলকদ মাসের ২৯তম দিন হওয়ায় ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ চাঁদের দেখা পেলে তা যেন সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটিকে জানানো হয় বলেও আহ্বান জানানো হয়।
সূত্র: খামা প্রেস, গালফ নিউজ



