ওবামা-মামদানির প্রথম সাক্ষাৎ: শিশুদের বই পড়ে শোনালেন ব্রঙ্কসের শিশুযত্ন কেন্দ্রে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গতকাল শনিবার ব্রঙ্কসের একটি শিশুযত্ন কেন্দ্রে হাজির হন। এটি ছিল তাঁদের প্রথম সরাসরি সাক্ষাৎ, যেখানে তাঁরা শিশু ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মেঝেতে বসে থাকা একদল শিশুশিক্ষার্থীকে একটি শিশুতোষ বই থেকে পড়ে শোনান।
শিশু সুরক্ষা কর্মসূচি নিয়ে আলোচনা
মামদানির প্রেস সচিব জো ক্যালভেইয়ো এক বিবৃতিতে জানান, ‘হুইলস অন দ্য বাস’ গান গাওয়ার ফাঁকে ফাঁকে দুই নেতা শহরের জন্য মেয়রের পরিকল্পনা বিষয়ে কথা বলেছেন। নিউইয়র্কের শিশুদের জীবনের শুরুটা যতটা সম্ভব সুদৃঢ় করে তোলার গুরুত্ব নিয়েও তাঁরা আলোচনা করেছেন। মামদানি নিজেকে ‘ডেমোক্রেটিক সোশ্যালিস্ট’ হিসেবে পরিচয় দেন এবং নির্বাচনের সময় সর্বজনীন শিশু সুরক্ষা কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, শ্রেণিকক্ষে পাঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ওবামা ও মামদানি একান্তে সংক্ষিপ্ত বৈঠক করেন। গত নভেম্বরে নির্বাচনের পর থেকেই ওবামা ও মামদানির সঙ্গে সম্পৃক্ত লোকজন এ দুই নেতার মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করতে আগ্রহী ছিলেন। ওবামা এ সপ্তাহান্তে নিউইয়র্কে আসার সুযোগে বৈঠকটি চূড়ান্ত হয়।
ট্রাম্পের সমালোচনা ও মামদানির প্রতিক্রিয়া
নভেম্বরে মেয়র নির্বাচনের আগে ওবামা ও মামদানির মধ্যে ফোনে কথা হয়েছিল। সেই আলাপে ওবামা মামদানিকে বলেছিলেন, একজন ‘ডেমোক্রেটিক সোশ্যালিস্ট’ কীভাবে দেশের সবচেয়ে বড় শহরকে পরিচালনা করছেন, তা দেখার অপেক্ষায় আছেন অনেকে। তিনি মামদানিকে সতর্ক করে আরও বলেছিলেন, কোনো ভুল হলে সমালোচকেরা সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে।
অন্যদিকে, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে অভিযোগ করেন, মামদানি তাঁর নতুন করনীতির মাধ্যমে নিউইয়র্ককে ‘ধ্বংস’ করছেন। এই নীতিমালা অনুযায়ী, শহরে ৫০ লাখ ডলারের বেশি মূল্যের দ্বিতীয় বাড়ি থাকলে বাসিন্দাদের অতিরিক্ত কর দিতে হবে। ট্রাম্পের ওই পোস্টের পর তাঁর সঙ্গে কোনো কথা হয়েছে কি না, সে সম্পর্কে কিছু বলেননি মামদানি। তবে তিনি বলেছেন, ট্রাম্প এই নীতির সঙ্গে একমত পোষণ না করায় তিনি অবাক হননি।
সিএনএন সূত্রের বক্তব্য
সিএনএনকে একটি সূত্র বলেছে, ওবামার সঙ্গে আলাপচারিতা মামদানিকে ‘নির্বাচনে লড়া’ এবং ‘প্রশাসন পরিচালনা’—এই দুইয়ের পার্থক্য আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করেছে। এর আগে দুবার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মামদানির সাক্ষাৎ হয়েছে। গত বছর এবং চলতি বছরের শুরুতে তাদের ওভাল অফিসে বৈঠক হয়।
শিশুযত্ন কেন্দ্রের শ্রেণিকক্ষে ওবামা এবং মামদানি—কেউই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। তাঁরা ভবন থেকে বের হওয়ার সময় বাইরে ক্যামেরার দিকে হাত নেড়ে শুধু অভিবাদন জানান। মামদানি ও বারাক ওবামার সাক্ষাতের খবরটি প্রথম প্রকাশ করে পলিটিকো।



