শিশুর প্রারম্ভিক বিকাশে বাধা: সমন্বয়হীনতা ও বাজেট ঘাটতি প্রধান চ্যালেঞ্জ
শিশুর প্রারম্ভিক বিকাশে বাধা: সমন্বয়হীনতা ও বাজেট ঘাটতি

শিশুর প্রারম্ভিক বিকাশে বাধা: সমন্বয়হীনতা ও বাজেট ঘাটতি প্রধান চ্যালেঞ্জ

শিশুর উন্নয়নে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা ও বিকাশ অত্যন্ত জরুরি। মায়ের গর্ভ থেকেই শিশুর যত্ন শুরু করতে হবে। তবে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে সমন্বয়ের অভাব, বাজেট-ঘাটতি, দক্ষ জনশক্তির অভাব, সেবার গুণগত মান ভালো না হওয়া এবং সব শিশুর সমানভাবে সেবা না পাওয়ার মতো বাধার কারণে শিশুর প্রারম্ভিক বিকাশে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হচ্ছে না। গতকাল সোমবার অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্টের থ্রাইভ প্রোগ্রাম ও প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এই কথা উল্লেখ করেন।

গোলটেবিল বৈঠকের মূল আলোচনা

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘বাংলাদেশে প্রারম্ভিক শিশু বিকাশ: গবেষণা ও অভিজ্ঞতার আলোকে নীতি ও বাস্তবায়নের অগ্রাধিকার’ শিরোনামে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা শিশুর প্রারম্ভিক বিকাশকে অগ্রাধিকার দিতে বলেন এবং ইসিডি কার্যক্রমকে প্রকল্প থেকে স্থায়ী বাজেট-কাঠামোয় আনা ও ইসিডিসহ শিশুর বিষয় দেখভালে পৃথক শিশুবিষয়ক অধিদপ্তর গঠনে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের চেয়ারপারসন মনজুর আহমেদ বলেন, স্থায়ী বাজেটের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ নিয়ে কাজ করতে হবে। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে শিশুর জন্য যেসব বাজেট রয়েছে, সেগুলোকে সমন্বয় করে পরিকল্পনা করতে এবং স্থানীয় সরকারকে তদারকি কাজে সম্পৃক্ত করতে বলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষজ্ঞদের মতামত ও সুপারিশ

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক শ্যামল কুমার রায় মায়ের গর্ভ থেকে শিশুর জন্ম-পরবর্তী সময় এক হাজার দিনকে ‘গোল্ডেন ডেজ’ বা সোনালি দিন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এ সময়ে পুষ্টি, শিক্ষা ও সুরক্ষার মাধ্যমে যেসব শিশুর বিকাশ হয়, তারাই পরে সফল হয়। সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং প্রসব-পূর্ববর্তী সেবা নিতে আসা মায়েদের স্বাস্থ্য পরীক্ষার সময় পরামর্শ দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী জেনা দেরাখশানি হামাদানি ইসিডির প্রয়োজনীয়তা তুলে ধরতে অভিভাবক, পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। তিনি সংবাদমাধ্যমকে ইসিডির গুরুত্ব ও শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন বিষয়গুলো ছড়িয়ে দিতে ভূমিকা পালনের আহ্বান জানান।

আইসিডিডিআরবির মাতৃ ও শিশুপুষ্টি বিভাগের বিজ্ঞানী ফাহমিদা তোফায়েল বলেন, শিশু গর্ভে থাকার সময়টি শিশুর বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুর প্রারম্ভিক বিকাশে বিনিয়োগে তাৎক্ষণিক ফল দৃশ্যমান হয় না, তাই দীর্ঘ সময় ধরে সরকারি-বেসরকারি পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

ইসিডি বাস্তবায়নে চারটি প্রধান চ্যালেঞ্জ

অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্টের থ্রাইভ প্রোগ্রামের কান্ট্রি রিসার্চ ম্যানেজার মো. তারেক হোসেন মূল প্রবন্ধে ইসিডি নিয়ে সরকারের নীতিগত অবস্থান ভালো হলেও নীতি বাস্তবায়নে চারটি ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন:

  1. কাজে সমন্বয় ও প্রশাসনিক ব্যবস্থার অভাব
  2. জনশক্তি ও তদারকির ঘাটতি
  3. গুণগত মানের নিশ্চয়তার অভাব
  4. অর্থায়ন ও পরিকল্পনার সীমাবদ্ধতা

ইউনিসেফের শিক্ষাবিষয়ক ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ইসিডি কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নের জন্য প্রতিবছর প্রতিটি মন্ত্রণালয় থেকে প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অন্যান্য বক্তাদের গুরুত্বপূর্ণ মতামত

  • সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন শিশুর প্রারম্ভিক বিকাশের সঙ্গে শিশুর অসতর্কতা ও অবহেলাজনিত মৃত্যু বন্ধে জোরালো পদক্ষেপ নিতে বলেন।
  • ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের কর্মসূচি প্রধান সৈয়দা সাজিয়া জামান পাইলট প্রকল্পগুলোকে জাতীয় পর্যায়ে উন্নীত করার আহ্বান জানান।
  • বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আনিকা রহমান বলেন, শিশুর প্রারম্ভিক বিকাশে যত বিনিয়োগ হবে, তা আরও বেশি আকারে ফেরত আসবে এবং ২০ বছর পর সেই শিশু দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
  • সেভ দ্য চিলড্রেনের শিশুর প্রারম্ভিক যত্ন ও উন্নয়ন ব্যবস্থাপক জান্নাতুন নাহার ইসিডি সেবায় ধনী-দরিদ্র বৈষম্য কমানোর জন্য অর্থায়ন বাড়ানো ও সেবার গুণগত মান উন্নয়নের উপর জোর দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। বৈঠকে শিশুর বিকাশে এলাকাভিত্তিক শিশু দিবাযত্ন কেন্দ্র আরও বাড়ানোর সুপারিশও করা হয়।