নবরত্ন তরকারি: পুষ্টিকর সবজির অনন্য সমন্বয়
নবরত্ন তরকারি: পুষ্টিকর সবজির অনন্য সমন্বয়

বিভিন্ন ধরনের পুষ্টিকর সবজির সমন্বয়ে তৈরি নবরত্ন তরকারি স্বাদে যেমন অনন্য, তেমনি দেখতে আকর্ষণীয়। কাজুবাদাম, ফ্রেশ ক্রিম ও সুগন্ধি মসলার মিশেলে তৈরি এই পদটি ভাত, পোলাও বা নানের সঙ্গে পরিবেশন করা যায়। অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ দিনের খাবারের আয়োজনে নবরত্ন তরকারি হতে পারে দারুণ একটি পছন্দ।

উপকরণ

  • পনির ২৫০ গ্রাম
  • বরবটি ২৫০ গ্রাম
  • আলু ২৫০ গ্রাম
  • গাজর ২৫০ গ্রাম
  • পটোল ২৫০ গ্রাম
  • মিষ্টি কুমড়া পরিমাণমতো
  • বড় ১টি ক্যাপসিকাম
  • টমেটো ২টি
  • পেঁয়াজবাটা ১ কাপ
  • কাজুবাদামবাটা ২ টেবিল চামচ
  • এলাচ ৫-৬টি
  • দারুচিনি ৩টি
  • তেজপাতা ২টি
  • ধনেপাতা পরিমাণমতো
  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
  • চার টুকরা করে কাটা পেঁয়াজ আধা কাপ
  • মাখন ৫০ গ্রাম
  • রসুন কুচি ১ চা-চামচ
  • সাদা তেল ৩ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া আধা চা-চামচ
  • মরিচ গুঁড়া আধা চা-চামচ
  • কাঁচা মরিচ ৩-৪টি
  • লবণ ও চিনি স্বাদমতো
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • ফ্রেশ ক্রিম ১ কৌটা

প্রণালি

প্রথমে সব সবজি চৌকো করে কেটে আধা সেদ্ধ করে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর একটি প্যানে তেল গরম করে চৌকো করে কাটা পনির ভেজে তুলুন। ওই তেলেই এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজবাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। তারপর আদা বাটা, রসুন বাটা, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষান।

এরপর কাজুবাদামবাটা দিয়ে মৃদু আঁচে অনবরত নেড়ে রান্না করুন, যাতে মসলা পাত্রে লেগে না যায়। মসলা থেকে তেল আলাদা হয়ে এলে নামিয়ে রাখুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্য একটি কড়াইয়ে মাখন গলিয়ে রসুন কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার সেদ্ধ করে রাখা সবজি ও পনির দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এরপর প্রস্তুত করা মসলার মিশ্রণ সবজির সঙ্গে মিশিয়ে দিন। টমেটো, ক্যাপসিকাম ও কাটা পেঁয়াজ যোগ করে কিছুক্ষণ নেড়ে রান্না করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সবজি নরম হয়ে এলে স্বাদমতো লবণ, চিনি ও কাঁচা মরিচ দিন। সবশেষে ফ্রেশ ক্রিম মিশিয়ে ধনেপাতা কুচি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন।

গরম গরম নবরত্ন তরকারি পোলাও, নান বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।